রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে পৃথক তিনটি অনুষ্ঠানে গাইবেন কবীর সুমন। ১৫, ১৮ ও ২১ অক্টোবরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এ উপলক্ষে গত শুক্রবার শুরু হয়েছে টিকিট বিক্রি। অনুষ্ঠানের আয়োজক ইশতিয়াক খান জানিয়েছেন, মাত্র তিনদিনেই ১৫ ও ২১ অক্টোবরের অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, টিকিট ছাড়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছে। তাই আর কোনো আউটলেটে এ দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা দুঃখিত যে আরো অসংখ্য মানুষ টিকিটের জন্য ফোন দিচ্ছে।’

সম্প্রতি আয়োজনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তিনি বলেছেন, ‘সবাইকে আমার শুভেচ্ছা। কয়েকদিনের মধ্যে আমি বাংলাদেশ যাচ্ছি। অনেক দিন পর যাওয়া হচ্ছে। শেষ গিয়েছিলাম ২০০৯ সালে। আমি যাচ্ছি গানের অনুষ্ঠান করতে। আমার স্বরচিত গান, আধুনিক বাংলা গান আর বাংলা খেয়াল। ছোটবেলা থেকেই খেয়াল শিখেছিলাম। কয়েক বছর ধরে আমি চেষ্টা করেছি আমার মাতৃভাষা বাংলায় খেয়ালের গান রচনা করতে ও গাইতে। বাংলাদেশে আমি এই প্রথম বাংলা খেয়ালের গানের অনুষ্ঠান করব। বাংলাদেশের মানুষ যদি আমার বাংলা খেয়াল গানের অনুষ্ঠানটি শুনতে আসে আমার খুব ভালো লাগবে। দেখা হবে।’  

‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে শোটির আয়োজক প্রতিষ্ঠান পিপহোল জানিয়েছে, সবার আগ্রহের কথা বিবেচনা করে তারা অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থাও করবে। তিনটি ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানগুলো। দর্শক অনলাইনে টিকিট কেটে সেগুলো দেখতে পারবে। ১৫ ও ২১ অক্টোবরে আধুনিক বাংলা গান শোনাবেন কবীর সুমন। অন্যদিকে ১৮ অক্টোবরের অনুষ্ঠানটি রাখা হয়েছে বাংলা খেয়ালের জন্য। ১৯৯২ সালে তিনি তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামগুলো তুমুল জনপ্রিয়। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ও করেছেন কবীর সুমন।