দেশের বিশিষ্ট নাট্যদল আরণ্যক। সাঁওতালদের ঘাত-প্রতিঘাতের জীবনে সংগ্রামী অধ্যায় নিয়ে এ নাট্যদলের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। এরই মধ্যে এর ১৯৮টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় রাঢ়াঙের ১৯৯ ও ২০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকটির ২০০তম মাইলফলক স্পর্শ উপলক্ষে দুই দিনব্যাপী প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছে। 

রাঢ়াঙের সহকারী নির্দেশনায় আছেন ফয়েজ জহির, সংগীত পরিচালনা করেছেন পরিমল মজুমদার। আলো, পোশাক ও দ্রব্যসামগ্রীর দায়িত্বে রয়েছেন ফয়েজ জহির এবং আলোক সহকারী ইশতিয়াক হোসেন। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে।

‘রাঢ়াঙ’ একটি সাঁওতালী শব্দ, যার অর্থ দূরাগত মাদলের ধ্বনিতে জেগে ওঠার আহ্বান। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত পৈতৃক ভিটা কেড়ে নিতে চায় দুর্বৃত্তরা। গায়ের জোরে জোতদাররা ভূমিচ্যুত করতে চায় সাঁওতাল জনগোষ্ঠীকে। ফলে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। সেই বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের এ বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল হত্যা করে আলফ্রেড সরেনকে। তার সে আত্মদানের গল্প মিশে আছে নাটকের ঘটনাপ্রবাহে। এর বাইরে এদের দীর্ঘ সংগ্রামের ঐতিহ্য-উত্তরাধিকারকে তুলে ধরা হয়েছে এ নাটকে। যেখানে একই দেশ, একই সমাজে থেকেও জীবনযুদ্ধে অবহেলিত ও নিগৃহীত থাকে সাঁওতাল সমাজ। ন্যায্য অধিকার থেকে হতে হয় বঞ্চিত। সে অধিকার আদায় এবং ভালোভাবে বেঁচে থাকার লড়াই উঠে এসেছে এ নাটকের কাহিনীতে।

নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নিকিতা নন্দিনী, শামীমা শওকত লাভলী, উর্মি হোসেন, শামীম জামান, কামরুল হাসান, আমানুল হক হেলাল, বাপ্পাদিত্য চৌধুরী, সঞ্জিব আহমেদ, আ খ ম হাসান, অপু মেহেদী, দিলু মজুমদার, আরিফ হোসেন আপেল, সাঈদ সুমন, অনন্য মুগ্ধসহ আরো অনেকে।