২০১৭ সাল থেকে প্রতি বছর সংগঠনটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান করে আসছে। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের পাদদেশে বিখ্যাত হলিউড সাইন-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।

এ আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবারে উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী ববিতাকে দেয়া হবে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ (আজীবন সম্মাননা)। আয়োজকরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠান আগের যেকোনো আয়োজনের তুলনায় আরো বেশি বর্ণাঢ্য ও আকর্ষণীয় হবে। ‘আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী বলেন, ‘২৬ জুলাই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। তিনি ববিতার হাতে এ সম্মাননা তুলে দেবেন।

সম্মাননা প্রসঙ্গে ববিতা জানান, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের গড়া কোনো বড় সংগঠন থেকে এই প্রথম তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। অতীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা দিতে চাইলেও সময়ের অভাবে তা গ্রহণ করা সম্ভব হয়নি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে কাজের সুবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গিয়ে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ববিতার ভাষায়, ‘হলিউডের পাশে এমন আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো উজ্জ্বল করে তুলবে।’

খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতার মতো কিংবদন্তি অভিনেত্রীর সম্মতি পাওয়া ‘‘আনন্দ মেলা’’ পরিবারের জন্য বড় অর্জন। তার উপস্থিতির খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।’ তিনি জানান, ববিতাকে ঘিরে তাদের বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা সবার সহযোগিতায় সফলভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত হন ববিতা। এটি তার দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ একটি গুরুত্বপূর্ণ সম্মাননা।