ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারণা চলছে জোরেশোরে। তবে বেশিরভাগ সিনেমার প্রচারণা ভায়োলেন্সনির্ভর হলেও ব্যতিক্রম ‘জ্বীন ৩’। এরই মধ্যে সিনেমাটির নতুন গান কন্যার পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে।
গানটির পোস্টারে উৎসবের আমেজ স্পষ্ট। নুসরাত ফারিয়া পরেছেন সিঁদুর লাল শাড়ি, আর আব্দুন নূর সজলের পরনে সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। তাদের চারপাশে ছড়ানো নানা রঙের মুখোশ, যা পোস্টারটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন দুই জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় গানটি প্রকাশ পাবে।
‘জ্বীন’ সিরিজের এটি তৃতীয় কিস্তি। ২০২৩ সালে এর প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। এরপর ২০২৪ সালে প্রেক্ষাগৃহে আসে দ্বিতীয় সিনেমা ‘মোনা: জ্বীন ২’। এবার রোজার ঈদে মুক্তি পাচ্ছে ‘জ্বীন ৩’। সিনেমাটির ওটিটি পার্টনার আইস্ক্রিন।










