একসময় সিনেমায় নিয়মিত দেখা যেত ঢাকাই সিনেমার অভিনেতা আলীরাজকে। জনপ্রিয় অনেক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে বর্তমান সময়ে এসে রুপালি জগতে তার দেখা খুব একটা মেলে না। নতুন খবর হলো এখন সিনেমায় নয় বরং নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা।

দীপ্ত টিভির ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’তে নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়া সম্প্রতি আরো একটি নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমান সময়ে নিজের ব্যস্ততার কথা বলতে গিয়ে আলীরাজ বলেন, ‘আমি মূলত একজন শিল্পী। ধরাবাঁধা নিয়ম নেই যে আমাকে সিনেমায়ই অভিনয় করতে হবে। তবে হ্যাঁ, আমার আজ যে সম্মান, খ্যাতি তার প্রায় শতভাগই এসেছে সিনেমা থেকে। সিনেমায় আমার গুরু, পথপ্রদর্শক বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক-নায়করাজ রাজ্জাক ভাই। তিনি আমাকে আপন ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। এদেশের কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি আমি। পেয়েছি রাষ্ট্রীয় স্বীকৃতি, যা অনেকের এক জীবনের অভিনয়েও হয় না। তাতে সত্যিই তৃপ্ত আমি। সন্তুষ্ট আমি। অভিনয় থেকে অনেক কিছু পেয়েছি। তাই আমার বিগত দিনের যত প্রযোজক, পরিচালক, সহশিল্পী আছেন তাদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। আর এখন বকুলপুর ধারাবাহিকে অভিনয় করছি নিয়মিত। এরই মধ্যে মনের মতো বোন নামের একটি নাটকেও অভিনয় করেছি। কাজটা ভালো হয়েছে। সহশিল্পী হিসেবে শিরীন আলম, রেশমা, প্রকৃতিকে পেয়েছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’

টেলিভিশন নাটকে নিয়মিত কাজ প্রসঙ্গে জানতে চাইলে আলীরাজ জানান, তার উত্থান টিভি নাটক থেকেই। সিনেমায় অভিনয় করার আগে তিনি ছিলেন একজন নাট্যাভিনেতা। তাই টিভি নাটকের প্রতি রয়েছে তার অন্যরকম ভালো লাগা, ভালোবাসা।

সিনেমায় অভিনয় করেছেন কিনা জানতে চাইলে আলীরাজ বলেন, ‘‌এ মুহূর্তে সিনেমায় কাজ করা কমে গেছে। ভালো গল্প, অভিনয় করার মতো চরিত্রে কাজ করার প্রস্তাব খুব বেশি যে আসছে এমন নয়। তবে নিয়মিতই সিনেমায় কাজ করার প্রস্তাব আসে। সেসব মনের মতো হয় না বিধায় কাজ করা হয়ে উঠছে না। আমি বদিউল আলম খোকনের পরিচালনায় আগুন নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম। কিন্তু এ সিনেমা এখন অনিশ্চয়তার পথে। দেখা যাক কী হয়।’