ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আগামী সেপ্টেম্বর মাসে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। সিনমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে হবে অন্যান্য দৃশ্যের শুটিং।

এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি আছে।

কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে শাকিব খান নাকি এই সিনেমাতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তিনি সিনেমাতে অভিনয় করছেন একজন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার প্রভাব থাকলেও এতে রয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনের সময় এজেন্টের মানসিক চাপ এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও পর্দায় তুলে ধরা হবে।

শাকিব খানকে নিয়ে এটি হচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, শুটিং শুরু হবে সেপ্টেম্বরে এবং সিনেমাটি ডিসেম্বরেই মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।