বরাবরের মতো এবারো ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দিতে আসছে বিশেষ পর্ব। সমাজের নানা অসংগতি, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সমস্যা ও সমসাময়িক বাস্তবতা তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা ধরে রেখেছে। নন্দিত নির্মাতা হানিফ সংকেত তার স্বতন্ত্র উপস্থাপনা ও নির্মাণশৈলীতে এ অনুষ্ঠানকে করে তুলেছেন ব্যতিক্রমী ও প্রাসঙ্গিক।

ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ হচ্ছে বিষয়ভিত্তিক ‘মিউজিক্যাল ড্রামা’। প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত হয় এ পর্বগুলো। এ ধরনের তারকাবহুল মিউজিক্যাল ড্রামার সূচনাও ইত্যাদির মাধ্যমেই। এবার ঈদেও থাকছে চারটি মিউজিক্যাল ড্রামা, যেখানে তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নানা সমস্যা ও অভিজ্ঞতা।

এসব পর্বে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

অন্য একটি মিউজিক্যাল ড্রামায় তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের প্রতারণা ও বিশ্বাসভঙ্গের বিষয়টি। সমাজে ক্রমবর্ধমান অনিয়ম ও প্রতারণার বাস্তবতা নিয়ে নির্মিত এ পর্বে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিক্রেতার চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে।

মিউজিক্যাল ড্রামাগুলোয় কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

সব মিলিয়ে এবার ঈদের বিশেষ পর্বে ইত্যাদি আবারো দর্শকের জন্য নিয়ে আসছে বিনোদনের সঙ্গে সামাজিক বার্তার এক অনন্য সংমিশ্রণ। প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।