নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। গত জুলাইয়ে প্রকাশ করেছিলেন ‘সোয়াগ’। এবার তারই সিক্যুয়েল হিসেবে এসেছে ‘সোয়াগ ২’। অ্যালবামটিতে একসঙ্গে যুক্ত হয়েছে ২৩টি নতুন গান।
পূর্ব ঘোষণা ছাড়াই ১১ জুলাই প্রকাশিত হয় ‘সোয়াগ’। এরপর লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হলিউড ও বিলবোর্ডের ব্যানারে ভেসে ওঠে ‘সোয়াগ ২’-এর পোস্টার। এতে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। পরে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে অ্যালবামের ঘোষণা দেন বিবার।
গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সোয়াগ ২’–সংক্রান্ত ছবি শেয়ার করছিলেন এই গায়ক। দুই অ্যালবামের নামকরণ নিয়েও চলছে ভক্তদের আলোচনা। ধারণা করা হচ্ছে, নামের অনুপ্রেরণা এসেছে ২০১২ সালের জনপ্রিয় গান ‘বয়ফ্রেন্ড’ থেকে।
‘সোয়াগ ২’-এর প্রযোজনা ও সুরে কাজ করেছেন একাধিক খ্যাতনামা মিউজিক প্রডিউসার ও লেখক। তারা মূলত আরএনবি ঘরানায় নতুনত্ব আনতে পরিচিত।
টানা চার বছর পর নতুন দুটি অ্যালবাম প্রকাশে উচ্ছ্বসিত ভক্ত ও সহশিল্পীরা। অনেকেই শুভকামনা জানিয়ে বলেছেন, ব্যক্তিগত সংকট কাটিয়ে আবারো গানে ফেরা বিবারের জন্য বড় অর্জন।
সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতা, কনসার্ট স্থগিত আর দাম্পত্য জীবনের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে ছিলেন তিনি। অবশেষে ‘সোয়াগ’ এবং ‘সোয়াগ ২’ দিয়ে আবারও ভক্তদের প্রত্যাশা পূরণ করছেন জাস্টিন বিবার।









