খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের বহুল জনপ্রিয় ছোটকাকু সিরিজ অবলম্বনে নির্মিত নাটকটি চ্যানেল আইয়ে ঈদের দিন থেকে শুরু হয়ে টানা ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই অবস্থিত আধুনিক রিসোর্ট ‘দখিন দুয়ার’-এ অবসর কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা ও ছোটকাকু চরিত্রের নায়ক আফজাল হোসেন এবং রহস্যময় চরিত্র শরিফ সিঙ্গাপুরী। প্রকৃতির শান্ত পরিবেশে ঘেরা রিসোর্টটি প্রথম দেখাতেই তাদের মুগ্ধ করে। কয়েক দিন সেখানেই থাকার পরিকল্পনাও করেন তারা।

কিন্তু শান্ত সেই পরিবেশে প্রথম রাতেই ঘটে যায় অদ্ভুত ও ভয়ংকর কিছু ঘটনা। একের পর এক রহস্যময় ঘটনার সূত্র ধরে শুরু হয় রোমাঞ্চকর অনুসন্ধান। ধীরে ধীরে উন্মোচন হতে থাকে নতুন সব রহস্য, যা দর্শককে নিয়ে যাবে এক ভিন্নধর্মী অভিযানের জগতে।

নাটকটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরূপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাকসহ আরো অনেকে। ছোটকাকু চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকেই।

রহস্য, রোমাঞ্চ ও হাস্যরসের মিশেলে নির্মিত এ ধারাবাহিক নাটক ঈদের বিনোদনে দর্শকের জন্য হতে পারে ভিন্ন স্বাদের এক আয়োজন।