সরকারি অনুদানের সিনেমা‘জলরঙ’। ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা অনুদান পায় সিনেমাটি। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির।
জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’
নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।
জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।









