চলে গেলেন ‘টপ গান’ খ্যাত ভ্যাল কিলমার। কয়েক বছর ধরে ক্যানসারে ভোগে শেষ পর্যন্ত হার মানলেন এ হলিউড তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর নিউ ইয়র্ক টাইমস।
আশি ও নব্বইয়ের দশকে হলিউডে দাপিয়ে বেড়িয়েছেন ভ্যাল কিলমার। তার হাত ধরেই এসেছে টপ গান, রিয়েল জিনিয়াস, টম্বস্টোন, হিট এবং দ্য সেন্টের মতো ব্যবসাসফল সিনেমা। তখন থেকেই বিপুলভাবে জনপ্রিয়তা পান দর্শক ও সমালোচকদের কাছে। সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা ছিলেন তিনি।
২০২১ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় অভিনয় করেছেন কিলমার। যদিও গলার ক্যানসারের কারণে কণ্ঠ দিতে পারেননি। তার সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এখানে তিনি জিম মরিসনের চরিত্রে অভিনয় করেছেন।
১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।










