তবে এবারের ঈদুল ফিতর রিজিয়া পারভীনের জন্য একটু বেশিই বিশেষ ও বর্ণাঢ্য হতে চলেছে।
ছোট পর্দার দর্শকদের জন্য বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও বৈশাখী টিভির একাধিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। সম্প্রতি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদ বিশেষ অনুষ্ঠানের জন্য পাঁচটি কালজয়ী গান গেয়েছেন রিজিয়া পারভীন। যার মধ্যে রয়েছে—‘সবার জীবনে প্রেম আসে’, ‘আশা আমার ভালোবাসা’, ‘তুমি আমার চাঁদ’, ‘ফুলের কানে ভ্রমর এসে’ ও ‘তুমি আমার জীবন’।
প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে উৎসর্গ করা বিশেষ অনুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’-এ তিনি গেয়েছেন জনপ্রিয় গান ‘আয়রে মেঘ আয়রে’। বিটিভির আরো দুটি অনুষ্ঠানে তাকে দেখা যাবে। এর মধ্যে একটিতে তিনি গাইবেন ইথুন বাবুর কথা ও সুরে। এছাড়া ১৭ মার্চ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’-এ শিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইবেন রিজিয়া পারভীন।
বৈশাখী টিভিতে ঈদের দিন সকালে দর্শকদের মন ভরাতে শিল্পী থাকছেন সাতটি জনপ্রিয় গানের ডালি নিয়ে।
গানের পাশাপাশি রিজিয়া পারভীন দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে। বিএনপির আদর্শে বিশ্বাসী এ শিল্পী দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকেছেন। এবারের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার বিষয়ে তিনি বেশ আশাবাদী। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘দল যদি মনে করে আমি যোগ্য। বিগত দিনে আমার বিশেষ অবদান আছে, তবে নিশ্চয়ই তারা আমায় বিবেচনা করবেন। তবে প্রাপ্তি যা-ই হোক, নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আজীবন দলের পাশে থাকব।’
ঈদের ব্যস্ততা শেষ করেই যুক্তরাষ্ট্রে যাবেন রিজিয়া পারভীন। প্রবাসী বাঙালিদের অনুরোধে সেখানে একাধিক স্টেজ শোতে পারফর্ম করার কথা রয়েছে তার।









