দেশের খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপন, নাটক, শর্টফিল্ম ও সিনেমা নির্মাণ করে পেয়েছেন দর্শক জনপ্রিয়তা। তার নির্মিত প্রথম সিনেমা আয়নাবাজি দিয়ে দর্শককে হলে ফিরিয়েছিলেন তিনি। সর্বশেষ ‘রিকশা গার্ল’ সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছেন। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমাটি একাধিক দেশে প্রদর্শিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি অ্যাওয়ার্ড বিভাগে বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে অমিতাভ রেজা পরিচালিত সিনেমা রিকশা গার্ল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এতে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। ব্যক্তিজীবন ও কাজ নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন অমিতাভ রেজা। সাক্ষাত্কারে সাবিহা জামান শশী।

রিকশা গার্ল সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত ও একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে। এটা নিয়ে আপনার ভাবনা কী?

পরিচালক হিসেবে আমি চাই মানুষ সিনেমাটি দেখুক। এটা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপন্যাস। তাই সিনেমাটি দেশটিতে দেখানো হয়েছিল। এছাড়া আরো কয়েকটি জায়গায় সিনেমাটি দেখানো হয়েছে। ভালো লাগছে যখন দেখছি মানুষ রিকশা গার্ল দেখতে যাচ্ছে। স্ট্রিমিং প্লাটফর্মে সিনেমাটি দেয়ার কথা হচ্ছে। দেখা যাক।

বাংলাদেশে রিকশা গার্ল মুক্তি পাচ্ছে কবে?

বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে এখনো পরিকল্পনা রয়েছে স্ট্রিমিং প্লাটফর্মের বিষয়টি গুছিয়ে নেয়ার পর এটি আমাদের দেশে আসবে। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে নাকি অন্যকিছু হতে যাচ্ছে এটা আমি বলতে পারছি না। আমি ফিল্মমেকার সিনেমা নির্মাণ করাই আমার কাজ, এরপর এটা কবে কোথায় আসছে তা আসলে একজন ফিল্মমেকারের সিদ্ধান্ত নয়। আমার কাজ গল্প বলা।

মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ থেকে সিনেমা নির্মাণের কারণ কী ছিল?

এটা খুব জনপ্রিয় একটি উপন্যাস। সিনেমাটির পরিচালক-প্রযোজক আমাকে বলেন, উনি রিকশা গার্ল নিয়ে একটা সিনেমা নির্মাণ করতে চান, আমি আগ্রহী কিনা। পরে আমি সিনেমাটা নিয়ে কাজ শুরু করি। এই ছিল মিতালি পারকিন্সের রিকশা গার্ল নিয়ে কাজ করার মূল কারণ।

আপনার নির্মিত শর্টফিল্ম ‘সাইলেন্স’ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। এর পেছনের গল্প কী?

সাইলেন্স আমার অনেক দিন আগের করা একটা কাজ। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শর্টফিল্মটা বানানো। আমার বাসায় আম্মাকে সাহায্য করার জন্য একটা মেয়ে কাজ করত, তার নাম ছিল শেফালী। ওকে দেখেই আমার সাইলেন্সের গল্পটা মাথায় আসে। যারা শহরে কাজ করেন কিংবা একা ঘরে থাকেন তাদের জীবনের সাইলেন্স আর চলমান জীবনযাত্রা নিয়েই শর্টফিল্মটি নির্মাণ করেছিলাম।

বর্তমানে কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন?

হইচইয়ের জন্য একটা ওয়েব সিরিজ আসছে নাম ‘বোধ’। এখন এটার কাজ চলছে। সিনেমার জন্য চিত্রনাট্য লিখে জমা দেয়া হয়েছে। দেখি সামনে আর কী হয়।

মিডিয়ায় কাজ শুরুর সময়ে কোনো প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে?

প্রতিটি কাজে প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে যেতে হয়। সিনেমা নির্মাণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। প্রতিকূলতা একটি অসাধারণ বিষয় এটার মধ্য দিয়েই সিনেমা এগিয়ে যায়। এখনো আমাকে প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় আর এটা সবসময় থাকবে।

নিয়মিত সিনেমা নিয়ে কাজ করছেন না কেন?

কাজ করার পরিকল্পনা আছে। যেকোনো নির্মাণের জন্য ভালো গল্প লাগে। আমি ভালো গল্প পাচ্ছি না। সিনেমা নির্মাণ করার জন্য যে ব্যয় তা পাচ্ছি না, তাই নিয়মিত কাজ করা হয়ে ওঠে না।

আয়নাবাজির সিক্যুয়েল আসবে কি?

না, আমার কোনো ইচ্ছা নেই। আয়নাবাজির গল্পটা শেষ হয়ে গিয়েছে এটা আর আসবে না।

নির্মাণের ক্ষেত্রে গল্প নাকি কাস্টিং আপনি কোনটাকে গুরুত্ব দেন?

সবসময় আমার কাছে গল্প গুরুত্বপূর্ণ সেটা সিনেমা কিংবা শর্টফিল্ম যা-ই হোক না কেন। ভালো গল্প ছাড়া কখনো ভালো কাজ করা সম্ভব হয়ে ওঠে না।

কাজ শুরুর সময় ও মিডিয়া আর বর্তমান সময়ের মধ্য কোনো পার্থক্য চোখে পড়ে কি?

মিডিয়ায় এখন অনেক কাজ হচ্ছে। বর্তমান সময়ে কাজের ক্ষেত্র অনেক বেড়ে গিয়েছে অনলাইন মিডিয়ার কারণে। মানুষ অনেক ধরনের গল্প দেখার সুযোগ পাচ্ছে এখন, যেটা খুবই ভালো। এজন্য ভালো ইন্টারেস্টিং গল্প পছন্দ করে কাজ করাটা মুশকিল হয়ে গিয়েছে। এর সঙ্গে মার্কেটের আয়তন যেমন বেড়েছে, তেমনি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো ওটিটি সাইট রয়েছে এখন। মিডিয়ার প্রতিযোগিতামূলক বাজারে আপনার গল্প নিয়ে হাজির হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা নিতে আমাদের বেগ পেতে হচ্ছে। গল্প, চিত্রনাট্য এবং নির্মাণের প্রস্তুতি। এসবের জন্য যে মেধা আর মনন দরকার হয়। বর্তমানে নতুনরা আসছে ভালো কাজ করছে কিন্তু তাদের স্ট্রাগল করতে হচ্ছে।

সময়ের সঙ্গে কী দর্শকের চাহিদার পরিবর্তন হচ্ছে?

আমাদের মা-বাবারা যেভাবে চিন্তা করত আমরা সেভাবে কিন্তু ভাবি না। আমরা যেভাবে ভাবি পরের প্রজন্ম সেভাবে চিন্তা করে না। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তা আর রুচির পরিবর্তন আসে, এটা খুব স্বাভাবিক। এটাই জীবন।