গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। সম্প্রতি এ অভিনেতা বিরতির পর আবারো নিজের রচনা ও পরিচালনায় নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘এসো শ্যামল সুন্দর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও তারিন জাহান। এ নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মানুষ তার জীবন চলার পথে বিভিন্ন সময় নানা ঘটনার মুখোমুখি হয়। কখনো আমরা ক্ষোভ প্রকাশ করতে পারি, কখনো পারি না। যখন পারি না, তখন আমাদের মধ্যে ভীষণ রকমের মানসিক চাপের সৃষ্টি হয়। এতে তারিন জাহান যে চরিত্রে অভিনয় করেছে, তার জীবনে এমন তিনটি ঘটনা ঘটে। এ তিন ঘটনা একই সূত্রে গাঁথা। দুঃখ-কষ্টে তার এমন হয় যে সে আর জীবনে কোনোদিন গান গাইবে না এবং কাউকে গাইতেও দেবে না। এমন মানসিক পরিস্থিতিতে তাকে একসময় এসে সবাই পাগল ভাবতে শুরু করে। কিন্তু শেষমেশ গানের মধ্য দিয়েই তার জীবনে আবার স্বাভাবিকতা ফিরে আসে। দীর্ঘদিন পর এ নাটকে তৌকীর অভিনয় করেছে। খায়রুল আলম সবুজ, তারিন জাহান এদের সবার অভিনয়ে গল্পটা চমৎকারভাবে ফুটে উঠেছে।’

এসো শ্যামল সুন্দর নাটকটি নিয়ে খায়রুল আলম সবুজ বলেন, ‘গল্প, নির্দেশনা, অভিনয় এসব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’ তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর আমি অভিনয় করলাম। খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শান্ত মেজাজের ছিমছাম একটি নাটক এটি। যারা দেখবেন আশা করছি আনন্দ পাবেন।’ তারিন জাহান বলেন, ‘দীর্ঘদিন পর হায়াত আঙ্কেলের নির্দেশনায় কাজ করা। তার লেখা ও নির্দেশনায় অভিনয় করতে গিয়ে সব সময়ই একটা চ্যালেঞ্জ অনুভব করি। তার লেখা নাটকের গল্প, সংলাপ এককথায় অনেক উঁচু মানের। সর্বোপরি গল্পের ভেতর একটি মেসেজ থাকে। হায়াত আঙ্কেলের একটি নাটক মধ্যাহ্ন ভোজ কী হবে, এখনো মানুষ দেখে এবং এ নাটক নিয়ে এখনো দর্শকের কাছ থেকে সাড়া পাই। আর এসো শ্যামল সুন্দর নাটকটির গল্প মূলত একজন মায়ের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। আঙ্কেল নিজেই যেহেতু একজন অভিনেতা, সে কারণে তার সঙ্গে অভিনয় করার সময় নতুন করে শিখি। তিনি সব সময় শিল্পীদের লাইনআপটা চমৎকারভাবে ধরিয়ে দেন। দীর্ঘদিন পর তৌকীর ভাইয়ের সঙ্গে অভিনয় করেও ভীষণ ভালো লাগল।’ আবুল হায়াত জানান, শিগগিরই নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।