জমকালো আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস ২০২২। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বার্কার হাঙ্গারে বসেছিল এবারের আসর। এ আসরে ৪০ ক্যাটাগরির পুরস্কার জিতে নিয়েছেন বিজয়ী তারকারা। অনুষ্ঠানটি করেছেন কেনান থম্পসন। তিনি গত বছরও এর উপস্থাপক ছিলেন। পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস ২০২২-এর এবারের আসরে পিপল’স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন লিজ্জো। আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন রায়ান রেনলডস। শানিয়া তাওয়াইনকে সম্মানিত করা হয়েছে মিউজিক আইকন অ্যাওয়ার্ড দিয়ে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস সেরা গানের দলের পুরস্কার পেয়েছে। সেরা পুরুষ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন হ্যারি স্টাইলস ও নারী সংগীতশিল্পীদের মধ্যে পেয়েছেন টেইলর সুইফট। সেরা অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছে টেইলর সুইফটের ‘মিডনাইটস।’ সেরা মিউজিক ভিডিওর পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট ‘অ্যান্টি-হিরো’ গানের জন্য। চলতি বছরে সেরা গান লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’।

এ বছরের সিনেমার মধ্যে সেরা ‘ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। সেরা কমেডি সিনেমার পুরস্কার পেয়েছে ‘দ্য অ্যাডাম প্রজেক্ট ।’ সেরা অ্যাকশন ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘টপ গান: মাভেরিক।’

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্রিস হেমসওয়ার্থ। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। ‘ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এলিজাবেথ অলসেন।

সূত্র: দ্য বলিউড রিপোর্ট