প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল এবার পাচ্ছেন ‘মতুয়া রত্ন সম্মাননা-২০২৫’। মতুয়া সম্প্রদায়কে কেন্দ্র করে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘মতুয়া মঙ্গল’-এর জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

আগামী ৩১ আগস্ট, শনিবার, সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

‘মতুয়া মঙ্গল’-এ নির্মাতা তুলে ধরেছেন মতুয়া জনগোষ্ঠীর দীর্ঘ ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, জীবনধারা, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সমসাময়িক সমস্যা ও সম্ভাবনার চিত্র। একই সঙ্গে এতে অন্তর্ভুক্ত হয়েছে মতুয়া সম্প্রদায়ের নেতা এবং নারী-পুরুষের সাক্ষাৎকার।

প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত ১২ জুলাই, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে। পরবর্তীতে এটি প্রকাশ করা হয় কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের ঠাকুরনগর, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে হয়েছে প্রামাণ্যচিত্রটির শুটিং। গণ-অর্থায়নে এবং কিনো-আই ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘মতুয়া মঙ্গল’।