দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। এ ব্যান্ডের একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে গানগুলো বেশি জনপ্রিয়। যেকোনো কনসার্টে তাদের গান শুনতে মুখিয়ে থাকে তরুণরা। এক যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রাখা অ্যাশেজ এবার সিনেমার গানের সঙ্গে যুক্ত হলো। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখল অ্যাশেজ। এ গান দিয়ে প্লেব্যাকে যাত্রা করল ব্যান্ডটি। অ্যাশেজের অন্য সব গানের মতো নিরুদ্দেশ গানটিও লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান। সম্প্রতি এ গানের কিছু অংশ প্রকাশ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিউটি সার্কাস সিনেমার এ গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছেন জুনায়েদ ইভান। তিনি বলেন, ‘বিউটি সার্কাস সিনেমার নির্মাতা মাহমুদ দিদার ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই আমাদের পরিচয়। তখন থেকে গান-চলচ্চিত্র নানা বিষয়ে আমাদের আড্ডা হতো। বছর চারেক আগে তিনি এ সিনেমায় গানের ব্যাপারে বলেন আমাকে। গানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। খারাপ সময় পেরিয়ে একটা মানুষের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটাই এ গানের বিষয়বস্তু।’

উড়ে যাওয়া পাখির চোখে, তারাবাতি জ্বলে তারাবাতি নেভে, এমন চেনা চিনবে লোকে, কেমন আছো কোথায়, তামাকপাতাসহ একাধিক জনপ্রিয় গান রয়েছে অ্যাশেজের।

বিউটি সার্কাসে মোট  তিনটি গান  ব্যবহূত হয়েছে। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।

গত ৩১ আগস্ট রাতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে চলচ্চিত্রটির পোস্টার তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের প্রচারণা শুরু করেন এর নির্মাতা মাহমুদ দিদার।

২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। করোনা মহামারীর কারণেও সিনেমাটি মুক্তি পিছিয়ে গিয়েছে কয়েকবার। 

অন্যদিকে সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। বিউটি নামের এক নারী একটি সার্কাস দল চালায়, তার জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়। মাহমুদ দিদারের পরিচালনায় এতে প্রধান চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরো অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।