ব্ল্যাক প্যারেড গানটি থেকে অর্জিত অর্থ বিয়ন্সে দান করবেন বেগুড’স ব্ল্যাক বিজনেস ইমপ্যাক্ট ফান্ডে। এ ফান্ড থেকে আর্থিক সংকটে থাকা কৃষ্ণাঙ্গ ব্যবসায়ীদের সাহায্য করা হয়।

কিছুদিন আগে কৃষ্ণাঙ্গ ব্যবসায়ীদের সহায়তার জন্য নিজেই ব্ল্যাক প্যারেড ইনিশিয়েটিভ নামে একটি উদ্যোগ নিয়েছেন বিয়ন্সে, এবার একই নামে গাইলেন গান। গানটি টিডালে মুক্তি দেয়া হয়েছে জুনটিনথে, মানে ১৯ জুন। জুনটিনথ হলো যুক্তরাষ্ট্রে টেক্সাসে দাসদের মুক্তির দিবস ।

ব্ল্যাক প্যারেড গানটির কথায় শোনা যায় ‘মাতৃভূমি’-তে ফেরার কথা, বিয়ন্সে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি তার পূর্বপুরুষের ইতিহাস ভুলতে পারেন না। শুক্রবার গানটির মুক্তির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ন্সে লেখেন, ‘আশা করি, আপনারা সবাই এ সংগ্রামের মধ্যেও পরস্পরের সঙ্গে আনন্দ ও উদযাপনকে ভাগ করে নিচ্ছেন। আমাদের সৌন্দর্য, শক্তি আর ক্ষমতার কথা ভুলে যাবেন না।’ তিনি আরো বলেন, তার এ গান কৃষ্ণাঙ্গ ও তাদের আনন্দ উদযাপনের।

অন্যদিকে বিয়ন্সের চালু করা ব্ল্যাক প্যারেড প্লাটফর্ম অনলাইনের ভিজিটরদের কৃষ্ণাঙ্গদের মালিকানাধীন ফ্যাশন, আর্ট, ডিজাইন, গৃহসজ্জা, লাইফস্টাইল, রেস্টুরেন্ট, বার এবং অন্যান্য ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে বিয়ন্সে কেন্টাকির অ্যাটর্নি জেনারেলকে চিঠি দেন এক কৃষ্ণাঙ্গকে হত্যকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

 

সূত্র: হলিউড রিপোর্টার