হলিউডের তরুণ জুটি টম হল্যান্ড-জেন্ডেয়া। তারা সবসময় দর্শকের মনোযোগের কেন্দ্রে থাকেন। সম্প্রতি নতুন করে এ জুটিকে নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি লন্ডনে টমের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন জেন্ডেয়া। রোববার লন্ডনে ‘দ্য ট্রেইটর্স: লাইভ এক্সপেরিয়েন্স’-এ গ্রুপ আউটিংয়ে যোগ দেন টম ও জেন্ডেয়া। টমের বাবা-মা নিকি ও ডমিনিক হল্যান্ড, ভাই স্যাম, হ্যারি ও প্যাডি এবং দীর্ঘদিনের বন্ধু হ্যারিসন অস্টারফিল্ড উপস্থিত ছিলেন। এ ছুটি উপভোগের বেশকিছু ছবি প্রকাশ হওয়ার পর থেকেই জুটিটি নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়। অনেকে মনে করছেন জেন্ডেয়া অন্তঃসত্ত্বা।
সোমবার স্যাম ওই রাতের একটি রিক্যাপ পোস্ট করেন। সেখানে তার বাবা-মায়ের সঙ্গে টম-জেন্ডেয়া জুটির একটি ছবিও ছিল। ছবিতে জেন্ডেয়া হাসিখুশি, ক্রপড বব চুলে ধরা, পরনে ধূসর সোয়েটার। আর টম পরেছিলেন বারগান্ডি টপের ওপর হালকা জ্যাকেট।
লন্ডনের এ আউটিংয়ের আগে সেপ্টেম্বরে জেন্ডেয়া টমের সঙ্গে ব্রাদার্স ট্রাস্ট গালায় অংশ নেন। ২০১৭ সালে টমের বাবা-মায়ের প্রতিষ্ঠিত এ দাতব্য অনুষ্ঠানে ছিল ‘টম হল্যান্ড পস পাব কুইজ’। সেখানে উপস্থিত ছিলেন টমের ভাইবোনেরা এবং স্পাইডার-ম্যান সহ-অভিনেতা জ্যাকব বাটালন। সারা সন্ধ্যাজুড়ে জেন্ডেয়া ছিলেন টমের পাশেই। তার এনগেজমেন্ট রিংও ছিল চোখে পড়ার মতো। রাতের এক মুহূর্তে টম তাকে পরিচয় করিয়ে দেন তার ‘বাগদত্তা’ হিসেবে।
দুজনের ব্যস্ত শিডিউলের কারণে বিয়ের প্রস্তুতিতে সময় দেয়া কঠিন হয়ে পড়েছে। জেন্ডেয়া একদিকে ইউফোরিয়ার তৃতীয় সিজন নিয়ে ব্যস্ত, অন্যদিকে ডুন ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন। পাশাপাশি জেন্ডেয়া ও টম দুজনেই স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে এবং দি ওডিসির শুটিংয়ে রয়েছেন। সম্প্রতি দি ওডিসির টিজার-ট্রেলার প্রকাশ হয়েছে।
অনেকেরই প্রশ্ন টম-জেন্ডেয়া বিয়ে কবে করবেন? জেন্ডেয়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ ই! নিউজকে বলেছিলেন, ‘প্রক্রিয়াটা এখনো শুরুই হয়নি। জেন্ডেয়া অনেকগুলো সিনেমায় কাজ করছে। বিয়ের প্রস্তুতির জন্য আমাদের সময় আছে। অনেক সময় আছে।’
রোচ আরো যোগ করেন, ‘আমি সত্যিই উত্তেজিত, কারণ আমি জানি তারা একে অন্যকে খুব ভালোবাসে, আর অনেক দিন ধরেই। পৃথিবী যে তাদের সে ভালোবাসার গল্পের অংশ হতে পেরেছে—এটা সত্যিই খুব সুন্দর।’
সূত্র: পিপল










