বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাথা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। দীপংকর দীপন পরিচালিত প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার অবশেষে প্রকাশ করা হবে আগামী শুক্রবার। বিকাল ৫টায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে লাবণী বিচে এ আয়োজন হবে বলে জানিয়েছে র‍্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র‍্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন সুন্দরবন সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হবেন। অনুষ্ঠানে তারা সিনেমার গানের সঙ্গে লাইভ পারফর্ম করবেন। এছাড়া ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আগে এ তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন জায়গা, হোটেল-রেস্তোরাঁ ও সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে সিনেমার প্রচারণায় অংশ নেবেন।

বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে অপারেশন সুন্দরবন। এর মাধ্যমে জানা যাবে, র‍্যাব কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করেছে। জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়ে যায়। সিনেমাটি র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃক প্রযোজিত।

এর আগে চলতি বছর ঈদুল আজহায় অপারেশন সুন্দরবন মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হয়নি। এখনো আলোচিত সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানা যায়নি।