একাধিক নাটক ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী নাঈমা আলম মাহা। এবারো তুহিন হোসেনের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার’-এ অভিনয় করছেন মাহা। সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হয়েছে নাটকটির। এ ধারাবাহিকে মাহা অভিনয় করছেন কারিশ্মা চরিত্রে। তার বিপরীতে আছেন দর্শকপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন। প্রচার শুরু হওয়ার পর থেকেই নাটকটি প্রশংসা পাচ্ছে দর্শকের। এ নিয়ে মাহা বলেন, ‘এটি একটি সমসাময়িক গল্পের নাটক। বেশ হাস্যরসাত্মক গল্পের নাটক চিরকুমার। তুহিন ভাই গুণী নির্মাতা। তার নির্দেশনায় তার ইউনিটের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। সহশিল্পী হিসেবে শরাফ আহমেদ জীবন ভাইও ভীষণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে নাটকটির কাজে আমি ভীষণ তৃপ্ত। এটি প্রচারের পর থেকে যথারীতি বেশ ভালো সাড়াও পাচ্ছি। সত্যি বলতে কী, এই সময়ে এসে ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পাচ্ছি। সুযোগ পাচ্ছি গুণী নির্মাতাদের নাটকে। নিজ মেধায় অভিনয়ে আরো ভালো করার প্রবল চেষ্টা আছে আমার। নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে আমার যতটা শ্রম দেয়ার, তা দিতে আমি প্রস্তুত। একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। চাই সবার সহযোগিতা।’
এরই মধ্যে মাহা থাইল্যান্ডে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমানের পরিচালনায় ৫২ পর্বের ধারাবাহিক ‘এমন যদি হতো’র কাজ শেষ করে এসেছেন। এতে তিনি আলেয়া চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকটি শিগগিরই প্রচার হতে যাচ্ছে। সালাহউদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ষণ্ডাপাণ্ডা’য় অভিনয় করেছেন মাহা, এটিও প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া মাহা অভিনীত ও নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’, কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর রিটার্নস’ ও সাগর জাহান পরিচালিত ‘অনলাইন অফলাইন’ নাটকগুলো বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত প্রচার করা হচ্ছে।










