দেশের জনপ্রিয় নাট্যদল বাতিঘর। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’-এর গল্প অবলম্বনে বাতিঘরের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মাংকি ট্রায়ালের অষ্টম প্রদর্শনী। নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল।
গত ৩১ ডিসেম্বর এ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছিল। নাটকটি মূলত ১৯২৫ সালের যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত স্কোপস মাংকি ট্রায়াল ঘটনা অবলম্বনে নির্মিত।
গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস। যিনি তত্কালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তত্কালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের দায়ে জেলখানায় বন্দি করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে। বিচার প্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। এ ধরনের বিতর্ক আজও অব্যাহত রয়েছে। মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় ও পুরো বিশ্বের নজর কাড়ে।
নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, রাজা আকনসহ বাতিঘরের নাট্যকর্মীরা।










