ইন্তেখাব দিনার মঞ্চনাটক দিয়ে তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন। নব্বইয়ের শেষ দিক থেকেই তিনি টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন। নাটক, সিনেমা আর ওয়েব কনটেন্টে সমানতালে অভিনয় করছেন তিনি। অভিনয় ভাবনাসহ নানান খবর নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন ইন্তেখাব দিনার। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী

কিছুদিন আগেই কলকাতায় গেলেন। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ নিয়ে প্রথমে জানতে চাই।

এটা আমাদের সবার জন্য খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল। উনি এত বড় মাপের একজন অভিনেতা, চঞ্চলের মাধ্যমে আমাদের তার বাসায় আমন্ত্রণ দিয়েছিলেন। চঞ্চলের সঙ্গে আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, তাই তাদের সম্পর্ক চমৎকার। উনি চঞ্চলকে অনেক স্নেহ করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসায় গিয়ে আমরা যে আতিথেয়তা পেলাম সেটা সত্যি মুগ্ধ করার মতো। ব্যক্তিগতভাবে আমি তার ব্যবহারে অনেক বেশি মুগ্ধ হয়েছি। একজন সত্যিকারের বড় মাপের শিল্পী হলেই এটা সম্ভব। উনি জানালেন তিনি নিয়মিত আমাদের দেশের কাজগুলো দেখেন। আমাদের কনটেন্টগুলো দেখার জন্য উনি অপেক্ষা করে থাকেন এটাও আমাদের বলেছেন।

আমাদের দেশের কনটেন্ট দেশের বাইরেও প্রশংসা পাচ্ছে। বিনোদন দুনিয়ার এ আদান-প্রদান আপনি কীভাবে দেখছেন?

এটা আমার কাছে খুবই দারুণ। আমি অনেক ইতিবাচক এ বিষয়ে। আমরা তো দর্শকের জন্য কাজ করি। দর্শক যত বেশি দেখবে সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সেটা দেশের বাইরে বা ভেতরের দর্শকই হোক না কেন এটা খুবই ভালো। অনলাইনের কল্যাণে এখন দেশের দর্শকরা আমাদের কনটেন্ট দেখার সুযোগ পাচ্ছেন। 

কিছুদিন আগেই কলকাতায় গেলেন হইচইয়ের একটি ইভেন্টে। সেখানে ওপার বাংলার অনেক নির্মাতা ও তারকাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। তাদের আগ্রহ কেমন আমাদের নির্মাণ নিয়ে?

আমাদের কাজগুলো ওরা খুব পজিটিভলি দেখছে। নিয়মিত ওরা আমাদের কনটেন্টগুলো দেখে। ওরা নিজেরাই আমাদের জানিয়েছে, আমাদের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। আমাদের নতুন কাজ দেখার জন্য নাকি তারা অপেক্ষা করে থাকেন, এমনটা আমরা গিয়ে শুনেছি। তারা বলেন, আমাদের দেশের গল্পের একটা সক্রিয়তা ও নিজস্বতা রয়েছে।

তরুণ নির্মাতাদের কাজ দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। প্রবীণ নির্মাতাদের সঙ্গেও অনেক কাজ করেছেন আপনি। এই দুই প্রজন্মের নির্মাতাদের সঙ্গে কাজ করতে গিয়ে উপলব্ধি কী?

আমার কাছে দুটিই খুব ইন্টারেস্টিং। কারণ প্রবীণদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে। তাদের সঙ্গে কাজ করা আলাদা ধরনের মজার। অন্যদিকে তরুণ যারা তারা একদম নতুন ধারার গল্প নিয়ে ভিন্নভাবে কাজ করে, সেটা থেকেও আমি অনেক কিছু শিখি। আমি দুই প্রজন্মের নির্মাতাদের থেকেই অনেক কিছু শিখতে পারি। তরুণরা অনেক ভালোভাবে এই সময়ের দাবি মেটাচ্ছে। অনেক ভালো নির্মাণ হচ্ছে তাদের মাধ্যমে।

নব্বইয়ের দশকে অভিনয় শুরু করে ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন লম্বা সময়। এরপর কিছুটা সময়ের বিরতি। সে সময়টা কেমন কেটেছিল?

ওই সময়টা আমার অপেক্ষা করে কেটেছে। কখন নতুন কাজে আমাকে ডাকা হবে, এটার জন্য অপেক্ষা করতে হয়েছে।

তখন কি হতাশা গ্রাস করেছিল?

হ্যাঁ, হতাশা তো অবশ্যই ছিল। আমি তো একটা কাজই করি আর সেটা অভিনয়। যখন কাজ আসে না খুব স্বাভাবিকভাবেই নিজের মধ্যে হতাশা কাজ করে। তবে আমি ধৈর্য নিয়ে অপেক্ষা করছিলাম। আমার ধৈর্য অসীম।

বর্তমানে ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন। নতুনভাবে পুরোদমে ফিরে আসা নিয়ে কিছু বলুন।

এটা আমি খুব উপভোগ করছি। কারণ আমি অনেক ধরনের চরিত্র পাচ্ছি। আগে একটা সময়ে আমি একঘেয়ে চরিত্র করেছি। তবে এখন পরিচালকরা বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে আসছেন। ওই চরিত্রগুলোর চ্যালেঞ্জ আমাকে দিচ্ছেন সেই জায়গা থেকে, আমি এটা খুব উপভোগ করছি। এই সময় আর আগের সময়ের একটা বড় পার্থক্য এটা।

কিছুদিন পরই কারাগার পার্ট টু আসছে। এই ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?

কারাগারের পুরো টিম অসাধারণ। পরিচালক, সহকারী পরিচালক, স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সবাই অনেক গোছানো। ওরা খুব গুছিয়ে কাজ করে, তাই একজন অভিনেতার জন্য তার চরিত্রটা ফুটিয়ে তোলা আরো সহজ হয়ে যায়। কারাগারে কাজ করা আমার জন্য খুবই চমৎকার একটা অভিজ্ঞতা।

পরিচালনায় আসার কোনো পরিকল্পনা আছে কি?

না, একদমই না। এটার প্রতি আমার আগ্রহ নেই। আর কাজটা আমি বুঝিও না। সব কাজ সবার জন্য না।

আপনার দাদার সিনেমা হল ছিল। ওই সময়ে সিনেমা দেখার কোনো স্মৃতি আছে?

তখন আমি খুব ছোট ছিলাম। বাবা-মা আমাকে সিনেমা দেখতে নিয়ে যেত। যখন আমাকে নিয়ে যেত কখনো প্রজেক্টর চালিয়েছি আবার কখনোবা আমি স্লাইড চালিয়েছি। সিনেমা হলে গেলেই এটা আমার মনে পড়ে। 

সামনে আপনার কোন কাজগুলো আসবে? 

কিছু সিনেমা আসবে। রবিউল আলম রবির ‘‌ক্যাফে ডিজায়ার’ নামে একটা ওয়েব ফিল্ম আসবে। ‘‌শ্যামাকাব্য’ নামে একটা সিনেমা আসতে যাচ্ছে বদরুল আনাম সৌদের। খিজির হায়াত খানের ‘‌ওরা ৭ জন’ সিনেমা দেখতে পাবে দর্শক আগামী বছরে। সিদ্দিক আহমেদের একটা কাজ করছি। আর ‘‌কারাগার’ তো আসছেই।