গত শতকের আশির দশকের শেষ দিকে বলিউডের অভিষেক
গোবিন্দের। পরবর্তী দশকে হয়ে উঠেন সবচেয়ে দামি তারকাদের একজন। বিভিন্ন ঘরানার সিনেমায়
সফল হলেও কমেডির সঙ্গে তার নাম সমার্থক হয়ে ওঠে।
আঁখে, কুলি নাম্বার ওয়ান, হিরো নাম্বার ওয়ান,
দুলহে রাজা ও সাজন চলে শ্বশুরালয়সহ একগুচ্ছ ছবির জন্য আজো অনেকের প্রিয় নায়ক গোবিন্দ।
কিন্তু নতুন শতকের প্রথম দশকের মাঝামাঝিতে তার সাফল্য মন্থর হতে থাকে। একই সময়ে রাজনীতিতে
সরব হয়ে পর্দা থেকে নিজেকে সরিয়েও নেন।
রাজনীতির ভুত কাঁধ থেকে নামতেই বলিউডে কামব্যাক
করেন গোবিন্দ। কিন্তু কোনো একক সিনেমায় সাফল্য ধরা দেয়নি। অক্ষয় কুমারের সঙ্গে ভাগম
ভাগ (২০০৬) বা সালমান খানের সঙ্গে পার্টনার (২০০৭) রয়েছে এই পর্যায়ের উল্লেখযোগ্য ছবির
তালিকায়।
কিছু বছর ধরে গোবিন্দ বলে আসছেন, ষড়যন্ত্রের
কারণে বলিউড ক্যারিয়ারে তার পতন। বিষয়টি তার দাবির মধ্যেই সীমিত রয়েছে। সঙ্গে বড় কিছু
ছবি ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। সেখানে ‘তাল’ থেকে ‘অ্যাভাটার’-এর মতো হলিউড
সিনেমাও আছে।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ইয়াশ চোপড়ার ‘চাঁদনী’
বলিউডে কাল্ট ক্ল্যাসিক হিসেবে স্বীকৃত। এ সিনেমায় শ্রীদেবীর বিপরীতে ঋষি কাপুরের চরিত্রটি
গোবিন্দকে প্রস্তাব করা হয়। চরিত্রটি পর্দায় বেশির ভাগ সময়ই হুইলচেয়ারে বসে থাকে। তাই
ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ। অথচ এই ছবিতে ক্যামিও করার সুবাদে জুহি চাওলা পরবর্তীতে
ইয়াশ চোপড়ার কাছ থেকে ‘ডর’-এর মতো ছবি বাগিয়ে নেন।
সুভাষ ঘাইয়ের মিউজিক্যাল হিট ‘তাল’ মুক্তি
পায় ১৯৯৯ সালে। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপরীতে অনীল কাপুরের করা চরিত্রটি প্রস্তাব করা
হয় গোবিন্দকে। কিন্তু চরিত্র ও চিত্রনাট্য পছন্দ হওয়ার পরও ছবির নাম বদলাতে বলেন গোবিন্দ।
তার কাছে ‘তাল’ নামটি জুতসই লাগেনি। পরিচালক নাম না বদলিয়ে অভিনেতাই বদলে ফেলেন। অবশ্য
গোবিন্দ এও বলেন, পরপর হিট সিনেমা উপহার দেয়ার কারণও ছিল সিদ্ধান্তের পেছনে। সেটি ভুল
সিদ্ধান্ত ছিল বলেও মনে করেন তিনি।
বলিউডের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া পাঁচ
সিনেমার অন্যতম ২০০১ সালের ‘গাদার’। ১৯৯৮ সালে ‘মহারাজা’ ছবির শুটিংয়ের জন্য পাক-ভারত
বিরোধ নির্ভর সিনেমাটির গল্প শোনান পরিচালক অনীল শর্মা। কিন্তু রাজনৈতিক ও বিতর্কিত
বিষয় নিয়ে সিনেমা করতে রাজি হননি গোবিন্দ। পরে সিনেমাটি করেন সানি দেওল।
শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত
‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে। এ সিনেমায় চুনিলালের চরিত্র গোবিন্দকে দিয়ে করাতে চেয়েছিলেন
সঞ্জয় লীলা বানসালি। কিন্তু পার্শ্বচরিত্র হওয়ার কারণে ওই সময়ের সুপারস্টার গোবিন্দ
একটি শর্ত জুড়ে দেন, শাহরুখ অনুরোধ করলে ছবিটি করতে পারেন। পরে সেই চরিত্রটি পান জ্যাকি
শ্রফ।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ও নাকি
ফিরিয়েছিলেন গোবিন্দ। বিশ্বের শীর্ষ আয়ের এই সিনেমায় সারা শরীরে নীল রঙ মাখিয়ে অভিনয়
করতে হবে, এমন পরিকল্পনা অদ্ভুত লেগেছিল তার। এ কথা বিশ্বাস করা কঠিন হলেও ভারতীয় টেলিভিশনের
একাধিক অনুষ্ঠানে জেমস ক্যামেরনকে ‘না’ বলার গল্পটি করেছেন গোবিন্দ।
সর্বশেষ ২০১৯ সালে বেশ আগে চিত্রায়িত ‘রঙ্গিলা
রাজা’ নামের সিনেমায় দেখা যায় গোবিন্দকে। সেই ছবির ভরাডুবির পর তাকে আর বড়পর্দার জন্য
শুটিংয়ে দেখা যায়নি।










