অ্যাভাটারের জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে অ্যাভাটারের সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত অ্যাভাটার। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় অ্যাভাটার। এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। সে অপেক্ষার পালা শেষ করে ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বিশ্বজুড়ে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা ও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে।
সময়ের চেয়ে এগিয়ে ছিলেন জেমস ক্যামেরন। ১৯৯৪ সালেই ভেবেছিলেন অ্যাভাটারের কথা। ৮০ পৃষ্ঠার একটি চিত্রনাট্যও লিখেছিলেন। কিন্তু তার পরিকল্পনা ভিজুয়ালে আনার মতো প্রযুক্তির অভাবে পিছিয়ে দেন নির্মাণ পরিকল্পনা। এরপর তৈরি হয় টাইটানিক। রেকর্ড পরিমাণ ব্যবসাসফল এ সিনেমা জিতে নেয় নয়টি অস্কার। ২০০৫ সালে ক্যামেরনের প্রতীক্ষার অবসান হয়। থ্রি-ডি প্রযুক্তির ভার্চুয়াল ক্যামেরা ও অন্যান্য যন্ত্রানুষঙ্গ চলে আসে হাতের নাগালে। অ্যাভাটার নির্মাণে জেমস ক্যামেরন ব্যবহার করলেন সর্বাধুনিক সিনেমাটিক গ্রাফিক্স। স্টোরিওস্কোপিক সাউন্ড সিস্টেমও এই প্রথম কোনো ছবিতে ব্যবহার করা হলো। খুব স্বাভাবিকভাবেই এবারের ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে দর্শকের কৌতূহল এখন চূড়ায়। এবার লড়াই চলবে জলে। সে লড়াই কেমন হবে, তার কিছু ধারণা দর্শকের দিতে প্রকাশ করা হয়েছে সিনেমার ট্রেলার। টিজারে দেখা গিয়েছে, জেমস ক্যামেরন এবার একটি জলজ জগৎ সৃষ্টি করেছেন দর্শকের জন্য। এ পর্বে আরো বেশি কাল্পনিক চরিত্রের সমাহার ঘটিয়েছেন তিনি। অ্যাভাটারের ভেরিফায়েড ফেসবুকে টিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এটি। আর এতেই স্পষ্ট কতটা অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করছেন ভক্তরা।
২১৫৪ সালের পটভূমিতে রচিত অ্যাভাটারের গল্পে দেখা যায়, পৃথিবী নামক গ্রহটা প্রায় মৃত, শক্তির সব উৎস শেষ হয়ে এসেছে। তখন পৃথিবীর অধিবাসীদের এক দল প্রতিনিধি পাড়ি জমায় ‘প্যান্ডোরা’ নামের গ্রহে। সেখানে আছে পৃথিবীকে বাঁচানোর মতো এক শক্তির উৎস, যার নাম ‘আনঅবটেনিয়াম’। আনঅবটেনিয়াম অন্য গ্রহের প্রাণীরা এসে নিয়ে যাক, তা তারা চায় না। এ নিয়ে শুরু হয় সংঘাত। সিনেমার মূল কাহিনী এখনো রহস্যাবৃত রাখা হয়েছে।
টোয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও জন ল্যান্ডাও। এ পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট থাকবে বলে জানা গিয়েছে। জেমস ক্যামেরন বলেছেন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরায় আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজল্যুশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’










