‘দ্য ফ্যাশন
অ্যাওয়ার্ড ২০২২’ এর আসরে সেরা মডেল নির্বাচিত হলেন বেলা হাদিদ। আর সেই অর্জনটি
উৎসর্গ করলেন ফিলিস্তিনি ও ডাচ শিশুদের উদ্দেশ্যে। স্থানীয় সময় সোমবার রাতে (৬
ডিসেম্বর) লন্ডনের রয়্যাল আলবার্ট হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নাম ঘোষণা
করা হয়। খবর ইয়াহু লাইফ।
আডুট আকেশ,
লিলা মস, পালোমা এলসেসার ও কোয়ানাহ চ্যাসিংহর্সের মতো তারকা মডেলদের ছাপিয়ে বেলার
মাথায় ওঠল এবারের শিরোপা।
অবশ্য ব্যস্ততার
কারণে বেলা নিজে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে স্টাইলিশ কার্লোস নাজারিও পদক
গ্রহণ করেন। পদক তুলে দেন আমেরিকান মডেল ও টিভি উপস্থাপক অ্যাশলি গ্রাহাম।
ফ্যাশন
জার্নাল ‘উইম্যানস ওয়্যার ডেইলি’ (ডব্লিউডব্লিউডি)-এর প্রতিবেদনে বেলা হাদিদের প্রতিক্রিয়া
তুলে ধরা হয়েছে।
এক ভিডিও
বার্তায় এই মডেল বলেন, ‘আমার বাবা ফিলিস্তিন থেকে অভিবাসী হয়েছেন এবং মা হল্যান্ড
থেকে। তাদের মেয়ে হিসেবে কাজের বিশেষ ধরন আমার রক্তে প্রবাহিত হয়। এটা শ্রেষ্ঠত্বের
জন্য নয়। এটা কারো তুলনায় ভালো বলার জন্য নয়। এটা শুধু সফল হওয়ার সক্ষমতা। কারণ
আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবদ্দশায় এমন সুযোগ পাননি। এই সম্মাননা ফিলিস্তিনি
শিশুদের জন্য। এই সম্মাননা ডাচ শিশুদের জন্য। এই সম্মাননা সকল অভিবাসী ও শরণার্থী
শিশুদের জন্য।’
ব্রিটিশ ফ্যাশন
কাউন্সিল (বিএফসি)-এর তত্ত্বাবধানে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় দ্য
ফ্যাশন অ্যাওয়ার্ড। গতকালের আসরের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেত্রী জুডি
টার্নার-স্মিথ। এর আগে বেলা হাদিদের বোন গিগি হাদিদ ২০১৬ সালে শ্রেষ্ঠ মডেলের পদক
পান।










