কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমা ’প্রিয় সত্যজিৎ’। এটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, পেয়েছে পুরস্কার। সিনেমাটি এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
সত্যজিৎ রায় উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর। তরুণরা তার সিনেমা দেখে নির্মাতা হবার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখানো এই মানুষটির জন্মদিন আজ ২ মে। বিশেষ দিনটিতে সত্যজিৎকে স্মরণ করতেই চরকিতে এসেছে তাকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমা ’প্রিয় সত্যজিৎ’।
নির্মাতার ভাষায়, ‘এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের ‘‘লাভ-লেটার টু সিনেমা’’। শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক ‘‘প্রিয় সত্যজিৎ’’ এটুকু প্রত্যাশা।’
চরকির সাবস্ক্রাইবাররা সিনেমাটি দেখতে পারবেন নিয়মিত নিয়মেই। আর যারা সাবস্ক্রাইবার নন, তারা ৩৫ টাকা দিয়ে দেখে নিতে পারবেন সিনেমাটি। এজন্য তাদের চরকি অ্যাপটি ফোন বা পিসিতে ইন্সটল করে লগ–ইন করতে হবে ফোন নম্বর বা ই–মেইল অ্যাড্রেস দিয়ে। ‘বাই টিকেট’ অপশনের ভেতরে বা হোম পেজে থাকা ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটিতে ক্লিক করলেই চলে আসবে পেমেন্ট অপশন। পছন্দের পদ্ধতিতে টাকা জমা দিয়ে দেখে নেয়া যাবে সিনেমাটি। একই পদ্ধতিতে ভারতের দর্শকরা ৩৫ রুপিতে এবং বাংলাদেশ–ভারত ছাড়া অন্য দেশের দর্শকরা ১ দশমিক ৯৯ ডলারে সিনেমাটি দেখতে পারবেন।










