দেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত হয়েছেন গত বছর সেপ্টেম্বরে। এ গীতিকারের মৃত্যুর আগেই তার ছেলে উপলের উদ্যোগে খন্দকার মনিরুল ইসলাম সোহেলের প্রকাশনা সংস্থা ‘ভাষাচিত্র’ থেকে ‘অল্প কথার গল্প গান’ গ্রন্থটি প্রকাশ হয়। গাজী মাজহারুল আনোয়ার জীবদ্দশায় বইটির প্রকাশনা দেখে গিয়েছেন। এর প্রতিটি পাতায় রয়েছে তার সৃষ্টির পেছনের গল্প। এতে গীতিকারের রচিত গানের কথা, রচনার প্রেক্ষাপট আর গল্প স্থান পেয়েছে। বইটি প্রকাশের সময়ই বলা হয়েছিল, এটি একটি ধারাবাহিক প্রকাশনা হবে। অর্থাৎ বইটির আরো অনেক খণ্ড প্রকাশ হবে। প্রতিটি খণ্ডে থাকবে ৫০টি গান রচনার গল্প এবং ২০০টি গানের কথা। সে ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর উপল তার বাবার গানের গল্প নিয়ে আরো দুটি খণ্ড প্রকাশ করতে যাচ্ছেন কলকাতায় বাংলাদেশ বই মেলায়। ‘অল্প কথার গল্প গান’ গ্রন্থটির নতুন দুটি খণ্ড একসঙ্গে প্রকাশের বিষয়টি উপলই নিশ্চিত করেছেন। ২০২১ সালে ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে প্রথম খণ্ডটি প্রকাশ হয়। দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশ প্রসঙ্গে উপল বলেন, ‘বাবা তার জীবদ্দশায়ই দুটি খণ্ডের যাবতীয় কাজ শেষ করে গিয়েছেন। অবশেষে এগুলো একসঙ্গে প্রকাশ হতে যাচ্ছে। অল্প কথার গল্প গান বইয়ে বাবার বিখ্যাত সমস্ত গানের নেপথ্যের গল্প বিস্তারিত তথ্যসহ উঠে এসেছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম সোহেল ভাইকে, যিনি তার প্রকাশনা সংস্থা থেকে বইগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করছেন।’ এছাড়া উপল ধন্যবাদ দিয়েছেন গায়ক মোমিন বিশ্বাসকে, যিনি গাজী মাজহারুল আনোয়ারের শেষ দিনগুলোয় তার মৌখিক বিবরণী লিপিবদ্ধ করেছেন। তিনি বলেন, ‘একজন গাজী মাজহারুল আনোয়ার শুধু আমার বা দিঠির বাবা-ই নন, তিনি সারা দেশের মানুষের অনেক আবেগ, অনেক শ্রদ্ধা, অনেক ভালবাসার একটি নাম! বাবা আজীবন দেশকে ভালবেসে গিয়েছেন! তার প্রতিটি গানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দেশ, দেশের সংস্কৃতির কথাই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লিখে গিয়েছেন।’ গাজী মাজহারুল আনোয়ারকে উদ্দেশ্য করে বলেন, ‘আব্বু, এ দেশ, দেশের সংস্কৃতি তোমার কাছে ঋণী।’
কলকাতায় বাংলাদেশ বই মেলা
গাজী মাজহারুল আনোয়ারের গানের গল্প নিয়ে নতুন গ্রন্থ
দেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত হয়েছেন গত বছর সেপ্টেম্বরে।
মেয়ে দিঠি বলেন, ‘আমার কাছে একজন গাজী মাজহারুল আনোয়ার মানেই একটি বাংলাদেশ, বাংলাদেশের একটি মানচিত্র! সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমার বাবার অল্প কথার গল্প গান বইয়ের প্রতিটি খণ্ড পড়বেন এবং বাবার জন্য দোয়া করবেন।’










