গারুড়াকে মেরে কেজিএফের রাজা এখন রকি ভাই। কিন্তু পথের বাধা হয়ে দাঁড়ায় ভয়ংকর আধীরা ও প্রধানমন্ত্রী রামিকা সেন। নিজের রাজত্ব কি কায়েম রাখতে পারবে রকি ভাই? এমন প্রশ্ন নিয়ে শুরু হয় দক্ষিণ ভারতের আলোচিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু।
একটা দুরন্ত গ্যাংস্টার সিনেমার প্রেক্ষাপট প্রথম চ্যাপ্টারেই তৈরি করা ছিল। চ্যাপ্টার ওয়ানে কী ছিল? রকি ভাইয়ের রকি হয়ে ওঠার প্রাণপ্রণ চেষ্টা। মুম্বাইয়ের ডন হওয়া। অতঃপর কোলার গোল্ড ফিল্ড তথা কেজিএফ দখলের উচ্চাকাঙ্ক্ষা। সবই তো দেখানো হয়ে গেছে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে কী এমন আছে ধন্য ধন্য করার মতো?
আছে, অনেক কিছুই আছে। প্রথমেই বলি, এমন নিখুঁত সিকুয়েল খুব কমই হয়েছে। ভক্তদের জন্য আছে বিরাট সারপ্রাইজ। কেজিএফের মানুষের ওপর রাজত্ব বিস্তার করতে সফল হয়েছে রকি। এবার আরো বড় স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে সে। এ সফরেই ফের একবার রকি মুখোমুখি হয় আধীরার। সেও মরিয়া কেজিএফ ফিরে পেতে। আধীরা হাত মেলায় প্রধানমন্ত্রী রামিকে সেনের সঙ্গে। এনায়েত খলিল লেগে আছে রকি ভাইয়ের পেছনে। মুম্বাইয়ে রকি ভাইয়ের লোকেরা কচুকাটা হচ্ছে প্রতিপক্ষের হাতে। বাধ্য হয়ে রকি ভাইকে হতে হয়েছে প্রথম চ্যাপ্টারের চেয়েও প্রখর, নৃশংস।
চিত্রনাট্যের গতি দ্রুত। এক অন্ধকার জগেক সেলুলয়েডে ফুটিয়ে তোলা হয়েছে স্টাইলিশভাবে। ছবির প্রথম ভাগে গতি একটু স্লো। সময় নিয়ে চরিত্রের সঙ্গে আলাপ করানো হয়েছে। কিন্তু দ্বিতীয় ভাগে গল্প যাকে বলে দৌড়েছে।
দ্বিতীয় চ্যাপ্টারে রকির ইমোশনাল দিকেও বেশি নজর দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। কেজিএফ চ্যাপ্টার টুর নায়ক যশ একা নন। সঙ্গে অবশ্যই রাখতে হবে প্রশান্ত নীলকে। একের পর এক চরিত্রকে পর্দায় এনে তাদের দিয়ে ন্যারেশন দিয়ে গল্পটাকে সমান গতি ও প্রকৃতিতে এগিয়ে নেয়া যেমন তেমন কথা না। এছাড়া গল্প বলায় যে সাজানো গোছানো বিক্ষিপ্ততার ধরন প্রশান্ত নীল দেখিয়েছেন তা উপমহাদেশে আর কাউকে দেখিনি। এজন্যই কেজিএফ এত জনপ্রিয়। এত আলাদা। অন্য পরিচালকরা গল্পের বাঁক বদলে টুইস্ট দেন। নীল গল্পের কথক বদলেও টুইস্টের পর টুইস্ট রেখেছেন। কখন কে পর্দায় আসবে, কখন কে ন্যারেশন দেবে সেটা ধরতে চেষ্টা করেও দর্শক বারবার ব্যর্থ হবে।
আলাদা করে আলোচনা করা যায় সিনেমার অ্যাকশন নিয়ে। কেজিএফ চ্যাপ্টার-ওয়ানে অন্ধকার খনিতে যে অ্যাকশনটা দেখানো হয়েছিল, সেই ধারা ধরে রেখেছেন চ্যাপ্টার টুতেও। অ্যাকশন ছবির ভক্ত যেসব দর্শক, তাদের জন্য এমন ভারতীয় স্টাইলের পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি খুব কমই হয়েছে। আধীরারূপী সঞ্জয়ের সঙ্গে রকিরূপী যশের দ্বৈরথ ছিল চ্যাপ্টার টুর প্রধান আকর্ষণ। সিনেমার প্রচার-প্রচারণায়ও বিষয়টা উঠে এসেছিল। ট্রেলারেও ছিল সেই ঝলক। সাধারণত ট্রেলার প্রত্যাশিত হলে সিনেমা হতাশ করে দর্শকদের। চ্যাপ্টার টু এখানেও অনবদ্য। আধীরা বনাম রকি এমন ভায়োলেন্স তৈরি করেছে, দর্শক পর্দায় বুঁদ হয়ে থাকতে বাধ্য হয়েছে। তবে আধীরাকে আরেকটু বেশি রাখা যেত পর্দায়। এ নিয়ে দর্শকদের আক্ষেপও চোখে পড়ে।
কেজিএফ চ্যাপ্টার টুর শেষটা হূদয়বিদারক, অভাবনীয়; সেই সঙ্গে আশাজাগানিয়াও বলা যায়। দুটো ক্লু রাখা হয়েছে, যা গল্পের গতিকে কেজিএফ চ্যাপ্টার থ্রির দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। তা যদি হয়, আরেকটা হাজার কোটি টাকার সিনেমার জন্য দর্শকের অপেক্ষা অযাচিত হবে বলে মনে হয় না।
কেজিএফ চ্যাপ্টার টু মূলত পরিচালক থেকে শুরু করে প্রত্যেক শিল্পীর শতভাগ ডেডিকেশনের সিনেমা। সিনেমাটাও দুই হাত খুলে দিয়েছে। মাত্র ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমা মুক্তির আগেই ঘরে তুলেছে প্রায় ৪০০ কোটি রুপি। মুক্তির ১৪ দিনে আয় দাঁড়িয়েছে হাজার কোটি রুপির ঘরে। মহামারী-পরবর্তী সময়ে মাত্র দুটি ভারতীয় সিনেমা হাজার কোটি রুপির ঘরে যেতে পেরেছে, যার মধ্যে বলিউডের নেই একটিও। দক্ষিণ ভারতের আরেক সিনেমা আরআরআর মহামারীর বাজারকে চাঙ্গা করেছে। কেজিএফ চাঙ্গা বাজারে বাজিমাত করল। একটা বিনোদনধর্মী সিনেমায় বিনোদনের সব উপাদান থাকলে সেটি কোন পর্যায়ে যেতে পারে তার উদাহরণ এ সিনেমা। বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পাওয়া কেজিএফ ভক্তরা তাই অপেক্ষা করছে চ্যাপ্টার থ্রির জন্য। প্রশান্ত নীলের যদি পরিকল্পনায় থাকে চ্যাপ্টার থ্রি, সেটাও যে বাজিমাত করবে এ বিষয়ে চোখ বুজে বলে দেয়া যায়। আর যদি ব্যবসায়িক কারণে তৃতীয় কিস্তি আসে তখন অবশ্য অন্যভাবে হিসাব করতে হবে।










