টপ গান: ম্যাভেরিকের ম্যাজিক এখনো শেষ হয়নি। মুক্তির ১৫ সপ্তাহ পরও দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। এর মধ্যে নতুন এক ভিডিও দিয়ে দর্শক মাতালেন টম ক্রুজ। অ্যাকশন সিকোয়েন্সের জন্য তিনি আগে থেকেই বিখ্যাত। কোনো কোনো স্টান্ট রীতিমতো শ্বাসরুদ্ধকর। এবারো সে রকমই এক স্টান্টের ভিডিও প্রকাশিত হয়েছে। মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ানে বেশকিছু স্টান্ট দৃশ্য থাকছে ক্রুজের। সবই বিমান বা আকাশযান থেকে করা হবে। এ ধরনের স্টান্টে ক্রুজের আগ্রহ বহুকালের। এ বছর টপ গান: ম্যাভেরিকের একটি স্পেশাল স্ক্রিনিংয়ে একটি ভিডিও দেখানো হয়েছিল। এবার পুরো ভিডিওটি প্রকাশ করা হলো।

ভিডিওতে টপ ক্রুজকে আকাশে ভাসতে থাকা একটি বাইপ্লেনে দেখা যায়। তিনি কোনো কিছু দিয়ে নিজেকে বিমানে বাঁধেননি। এক হাতে বিমানে নিজের ভারসাম্য রেখে তিনি দর্শকের উদ্দেশে মিশন: ইম্পসিবলের নতুন সিনেমা নিয়ে কথা বলেন। এরপর আরেকটি বাইপ্লেনে তিনি পরিচালক ক্রিস্টোফার ম্যাকুয়েরের সঙ্গে যোগ দেন। দুজনই দারুণ মজা করেছেন বিষয়টি নিয়ে। ম্যাকুয়ের বলেন, সূর্যাস্তের আগেই এ দৃশ্যের শুটিং শেষ করতে হবে। টম ক্রুজের ভিডিওটি টুইটারে প্রকাশিত হলে সেখানে তার ভক্তরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

টম ক্রুজকে গত বছর সড়কে স্টান্ট করতে দেখা গিয়েছে। এবার তিনি স্টান্ট করলেন আকাশে। টম ক্রুজের এ ধরনের স্টান্ট অনেক সময়ই মৃত্যুর মুখে পড়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু ক্রুজ যেন সেসব ভাবেনই না। তার মিশন: ইম্পসিবল নিয়ে দর্শকের যা আগ্রহ তাতে ধারণা করা হচ্ছে টপ গানের মতো মিশন: ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের সিনেমাগুলোও দশর্কপ্রিয়তা পাবে। ডেড রেকনিং পার্ট ওয়ান আসছে ২০২৩ সালে। তার সঙ্গে অভিনয় করছেন হেইলি অ্যাটওয়েল ও রেবেকা ফার্গুসন। ১৯৯৬ সালে শুরু মিশন ইম্পসিবলের সিকুয়াল ডেড রেকনিং পার্ট টু আসবে ২০২৪ সালে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস