চার বছর বিরতির পর ২০২৩ সালে তিন সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাগুলো হলো পাঠান, জাওয়ান ও ডাংকি। এর মধ্যে প্রথমটির শুটিং শেষ হয়েছে। বাকি দুটোর মধ্যে ‘ডাংকি’ বলিউডের প্রথম সিনেমা হতে যাচ্ছে, যার দৃশ্যায়ন হবে সৌদি আরবে। খবর বলিউড হাঙ্গামা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, প্রথম বলিউড সিনেমা হিসেবে ‘ডাংকি’র শুটিং হবে সৌদিতে। আগামী ১৫ নভেম্বর শাহরুখ খান, পরিচালক রাজকুমার হিরানি ও অন্য কলাকুশলীরা মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রাখবেন। জেদ্দা ও এর আশপাশের এলাকায় মাসের শেষ পর্যন্ত তারা শুটিং করবেন।

সূত্রটি আরো জানায়, আগামী দিনে এশিয়ার মধ্যে সৌদি আরব শুটিংয়ের প্রধান গন্তব্য হয়ে দাঁড়াবে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাণ ব্যয়ের ওপর ৪০ শতাংশ নগদ ছাড়ের ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমতি ও অন্যান্য ক্ষেত্রে সুবিধা তো থাকছেই।

বলা হচ্ছে, সৌদি আরবের সুন্দর ও আনকোড়া লোকেশন বড়পর্দায় নতুন চমক হিসেবে ওঠে আসবে।  

জানা গিয়েছে, অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড় মিয়া ছোটে মিয়া’ সিনেমার নির্মাতারাও সৌদি আরবে যেতে ইচ্ছুক। এ তালিকায় সালমান খানের ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’ও রয়েছে। সব মিলিয়ে ছয় মাসের মধ্যে বলিউড তারকাদের ভিড় লেগে যাবে সৌদি আরবে।

এর আগে সৌদি আরবে এই লোকেশনে হলিউডের বড় বাজেটের তিন সিনেমার শুটিং হয়েছে। জেরাল্ড বাটলারের ‘কান্দাহার’, রুপার্ট ইয়াটের ঐতিহাসিক ছবি ‘ডেজার্ট ওয়ারিয়র’ ও রুশো ব্রাদার্সের ‘চেরি’।