৯ জুন আর্মি স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট। কোক স্টুডিও বাংলার সঙ্গে জড়িত শিল্পীরাসহ দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ডও কনসার্টটিতে পারফর্ম করবে।

মূলত বিশ্বকাপ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে কোকের এ আয়োজন। কনসার্টে পারফর্ম করবেন শায়ান চৌধুরী অর্ণব-রিপন (বগা), মিজান রহমান-মমতাজ, সুমি-জালালি সেট, ঋতু রাজ-নন্দিতা ও অনিমেষ রায়-পান্থ কানাই জুটি। এখন পর্যন্ত প্রকাশিত কোক স্টুডিও বাংলার গানগুলোর সঙ্গে এ শিল্পীরা সম্পৃক্ত। এছাড়া ব্যান্ড নগরবাউল, ওয়ারফেজ, নেমেসিস, লালন ও ইন্ট্রয়েট কোকের কনসার্টে পারফর্ম করবে।

এ বিষয়ে ওয়ারফেজ ব্যান্ডের ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বণিক বার্তাকে বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত। একটা সুন্দর আয়োজন হতে যাচ্ছে। অনেক স্বনামধন্য শিল্পী পারফর্ম করতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। কোক স্টুডিও বাংলা একটি ভালো উদ্যোগ। এখন পর্যন্ত যে গানগুলো শুনেছি বেশ ভালো লেগেছে। কমবেশি নতুনত্ব আছে। নতুনভাবে গানগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা দারুণ ব্যাপার। দর্শকের গ্রহণযোগ্যতার ওপর বাকিটা নির্ভর করবে। আমার কাছে খারাপ লাগছে না।’

২০০৭ সালে পাকিস্তানে কোক স্টুডিও যাত্রা করে। ক্ল্যাসিক্যাল, লোকসংগীত, কাওয়ালি, গজল থেকে শুরু করে পপ ও রক ধারার সংগীত ফিউশনরূপে নতুন আঙ্গিকে পরিবেশন করে কোক। পরবর্তী সময়ে ভারতেও বিস্তৃত হয় কোকের পরিধি। দর্শকদের কাছে বরাবর তুমুল জনপ্রিয়তা পেয়েছে গানগুলো। সম্প্রতি চলতি বছর বাংলাদেশে কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম শুরু হয়।

জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব কোক স্টুডিও বাংলার সংগীত আয়োজনের প্রধান কারিগর। তাই কোক স্টুডিও নিয়ে বাঙালি দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন পর্যন্ত পাঁচটি গান প্রকাশিত হয়েছে অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজ থেকে। প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে কোকের গানগুলো নিয়ে।

এদিকে কোকের গানের কভার করার একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। হ্যাশট্যাগ বিলিভিংইজম্যাজিক ও হ্যাশট্যাগ ট্রফিট্যুর ক্যাপশন দিয়ে কভার করা গানের ভিডিও আপলোড করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবচেয়ে বেশি শেয়ার হওয়া ভিডিওটির শিল্পী কনসার্টের একটি টিকিট ও কাতার বিশ্বকাপের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।