বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে লোকসংগীতের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবার দেখার পালা কে হচ্ছেন বিজয়ী। আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেখা যাবে সেরা পাঁচ প্রতিযোগীর চূড়ান্ত লড়াই। এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন এ পাঁচজন রয়েছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। গ্র্যান্ড ফিনালেতে তাদের গানের পাশাপাশি থাকছে আরো অনেক জমজমাট পরিবেশনা। তিন বিচারক শফি মন্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গান পরিবেশন করবেন।

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ রিয়ালিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এ আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেয়া। এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। এখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ। এরপর পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা পাঁচ নির্বাচিত হন। তাদের নিয়েই এবার গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা, প্রথম রানার আপ ৩ লাখ টাকা, দ্বিতীয় রানার আপ ২ লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা।

দীর্ঘ সময় অনুষ্ঠানটি দর্শকের ভালোবাসা পেয়েছে। মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল প্রযোজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আইশা খান।