রোববার কলকাতায় অনুষ্ঠিত হয় সেতার শিল্পী আনুশকা শঙ্করের কনসার্ট। সেখানে উপস্থিত দর্শকের জন্য ছিল এক বড় চমক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উঠে কয়েকটি গান পরিবেশন করেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়ার পর এটিই ছিল মঞ্চে তার প্রথম পারফরম্যান্স। কনসার্টের পর ইনস্টাগ্রামে অরিজিতের পারফরম্যান্সের একটি ঝলক শেয়ার করেন আনুশকা শঙ্কর।

ভিডিও ক্লিপে দেখা যায়, আনুশকা অরিজিৎকে মঞ্চে স্বাগত জানাচ্ছেন আর দর্শক আনন্দে ফেটে পড়ে জোরে জোরে উল্লাস করছে। ভিডিওটি শেয়ার করে আনুশকা লিখেন, ‘বলার মতো আরো অনেক কিছু আছে। কিন্তু এই মুহূর্তে শুধু এটুকুই, আমার হৃদয়! আমার বাবার সুর করা খুব কম শোনা একটি বাংলা গানকে নতুন প্রাণ দিলেন অরিজিৎ। সেটা শোনার ভাগ্য হলো। তারপর কলকাতার সঙ্গে আমাদের নতুন সংগীত ভাগ করে নেয়া। এটা সত্যিই আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

আরেকটি ক্লিপে দেখা যায়, অরিজিৎ মঞ্চে এসে নিজের নার্ভাস হওয়ার কথা স্বীকার করছেন। তিনি বলেন, ‘আমি খুব নার্ভাস। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ আনুশকার বাড়িতে গিয়ে তার সঙ্গে বসে একটি গান কম্পোজ করার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অরিজিৎ।

আনুশকা শঙ্কর ও বিক্রম ঘোষের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে অরিজিৎ গেয়েছেন ‘মায়া ভরা রাতি’। গানটি মূলত লক্ষ্মী শঙ্করের কণ্ঠে গাওয়া এবং সুর করেছিলেন আনুশকার বাবা পণ্ডিত রবি শঙ্কর।

এরপর অরিজিৎ ও আনুশকা একসঙ্গে দ্বৈত পরিবেশন করেন ‘ট্রেসেস অব ইউ’ গানটি। এটি মূলত আনুশকা ও তার সৎ বোন নোরা জোনসের গাওয়া।

কনসার্টে অরিজিতের এ আকস্মিক উপস্থিতি দর্শকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। এক ভক্ত লিখেছেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি, একসঙ্গে খুশি আর হৃদয় ভাঙার অনুভূতি হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘ওহ অরিজিৎ! তোমার কণ্ঠ ভীষণ মিস করছিলাম। গায়ে কাঁটা দিচ্ছে।’

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি আর নতুন কোনো প্লেব্যাক গান গাইবেন না। এ ঘোষণায় গোটা দেশ স্তম্ভিত হয়ে যায়। এক্সে (সাবেক টুইটার) ভক্তদের উদ্দেশে দেয়া এক বার্তায় অরিজিৎ বছরের পর বছর ধরে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কোনো কাজ নেব না। এখানেই ইতি টানছি। যাত্রাটা সত্যিই দারুণ ছিল।’

২০১১ সালে ‘মার্ডার টু’ সিনেমার ‘ফির মোহাব্বত’ গান দিয়ে হিন্দি সিনেমায় প্লেব্যাক শুরু করেন অরিজিৎ। ২০১৩ সালে ‘আশিকি টু’র ‘তুম হি হো’ গান মুক্তির পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এর পরের যাত্রা তো ইতিহাস। ১৫ বছরের ক্যারিয়রে বহু গান উপহার দিয়েছেন, যা বহুদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।

সূত্র ও ছবি: ইয়ন