এশিয়ার বেশকিছু দেশে ওয়াল্ট ডিজনির ছবি মুলান বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তত্পরতা। মূলত এ ছবির তারকা লিউ ইফেই-এর কথা একটি মন্তব্যের কারণেই এমন আহ্বান জানানো হচ্ছে।

অ্যানিমেশন মুলানের ব্যয়বহুল লাইভ অ্যাকশন রিমেক হচ্ছে সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র মুলান। ডিজনির এই মেগা বাজেটের ছবি বয়কটের জন্য সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে #বয়কটমুলান আন্দোলন।

হংকং, তাইওয়ান এবং থাইল্যান্ডে বেশ সুগঠিত নেটওয়ার্কে মুলান বর্জনের ডাক দেয়া হয়েছে। কারণটি হচ্ছে ছবির তারকা লিউ ইফেই হংকংয়ের পুলিশকে সমর্থন করে মন্তব্য করেছিলেন। আর সেটাই মনে রেখেছে সেখানকার গনতন্ত্রকামী আন্দোলনকারীরা।

মুলান বর্জনের ডাক দেয়াদের মধ্যে অন্যতম হচ্ছেন হংকংয়ের অ্যাক্টিভিস্ট জোশুয়া ওয়াং। তার কথায় এ বয়কটের ডাক তারা এজন্যই দিচ্ছেন, ‘লিউ ইফেই প্রকাশ্যে, গর্বভরে হংকংয়ে পুলিশের নিষ্ঠুরতাকে সমর্থন করেছেন। মানবাধিকারে বিশ্বাস রাখা সবাইকে আমি মুলান ছবিটি বয়কটের অনুরোধ জানাই।’ তার মতে, লিউ ইফেই হলিউডের মূল্যবোধের প্রতিও সম্মান দেখাননি।

জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার সিউলেও মুলানের বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ করেছিলেন। তাদের কথা ছিল, এ ছবির তারকা ছবির প্রগতিশীল থিমের বিপরীতে রাজনৈতিক সহিংসতাকে সমর্থন দিচ্ছেন।

 

সূত্র: হলিউড রিপোর্টার