প্রাইম ভিডিওর আসন্ন লাইভ অ্যাকশন সিরিজ ‘টুম্ব রাইডার’। সিনেমায় লারা ক্রফট চরিত্রে সোফি টার্নারের প্রথম ঝলক প্রকাশের পরই দর্শক ও গেম-প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভিডিও গেম ইতিহাসের অন্যতম আইকনিক নারী চরিত্রকে নতুনভাবে পর্দায় তুলে ধরার দায়িত্ব এবার সোফি টার্নারের কাঁধে, এ কাস্টিং তার ক্যারিয়ারের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
১৯৯৬ সালে প্রথম টুম্ব রাইডার গেম মুক্তির পর থেকেই লারা ক্রফট হয়ে ওঠেন সাহস, বুদ্ধিমত্তা ও অ্যাকশনের প্রতীক। এর আগে সিনেমায় এ চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া ভিকান্দার। এবার সিরিজ ফরম্যাটে লারাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করবেন সোফি টার্নার, যিনি চরিত্রের মানসিক গভীরতা ও শারীরিক শক্তি দুটিই বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সক্ষম বলে মনে করা হচ্ছে।
সোফি টার্নার বিশ্বজুড়ে পরিচিতি পান এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কিশোরী বয়সে শুরু করা এ চরিত্র আটটি সিজন জুড়ে ধীরে ধীরে এক শক্তিশালী ও বুদ্ধিমান নারীতে পরিণত হয়, যা টার্নারের অভিনয় দক্ষতার বড় প্রমাণ। টেলিভিশনের পাশাপাশি তিনি বড় বাজেটের চলচ্চিত্রেও নিজের অবস্থান শক্ত করেছেন। ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’ ও ‘ডার্ক ফিনিক্স’-এ জিন গ্রে চরিত্রে তার অভিনয় তাকে সুপারহিরো ঘরানার দর্শকের কাছেও জনপ্রিয় করে তোলে।
এছাড়া ‘ডু রিভেঞ্জ’, ‘দ্য স্টেয়ারকেস’ ও ‘জোয়ান’-এর মতো প্রজেক্টে কাজ করে সোফি প্রমাণ করেছেন যে তিনি শুধু ফ্যান্টাসি বা অ্যাকশন নয়, আধুনিক, জটিল ও বহুমাত্রিক চরিত্রেও সাবলীল। এ অভিজ্ঞতাই তাকে লারা ক্রফটের মতো এক আইকনিক চরিত্রের জন্য উপযুক্ত করে তুলেছে।
ফিবি ওয়ালার-ব্রিজের মতো শক্তিশালী নির্মাতার হাতে তৈরি এ টুম্ব রাইডার সিরিজে সোফি টার্নারের লারা ক্রফট শুধু অ্যাকশন নায়িকা নন, বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবেও ধরা দেবেন বলে প্রত্যাশা। নতুন যুগের টুম্ব রাইডারে সোফি টার্নার যে লারা ক্রফটকে নতুনভাবে সংজ্ঞায়িত করবেন, সে আশাই করছে দর্শক।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










