রাজপরিবার ছেড়ে আসা ব্রিটিশ দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের কেচ্ছা শুনতে রেকর্ডসংখ্যক দর্শক ভিড় করেছে নেটফ্লিক্সে। ‘হ্যারি অ্যান্ড মেগান’ শিরোনামের এ সিরিজ প্রথম সপ্তাহে অন্য যেকোনো ডকুমেন্টারির তুলনায় ওটিটি প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজের প্রথম তিন পর্ব প্রকাশের পর  ৮ কোটি ১৫ লাখ ঘণ্টার বেশি দেখা হয়েছে। ২ কোটি ৪০ লাখের বেশি পরিবার কমপক্ষে সিরিজটির কিছু অংশ দেখেছে।

‘হ্যারি অ্যান্ড মেগান’ নেটফ্লিক্সে গত ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বাধিক দেখা ইংরেজি ভাষার সিরিজ। এর আগে ছিল ‘অ্যাডামস ফ্যামিলি’। তবে ‘হ্যারি অ্যান্ড মেগান’ সপ্তাহ জুড়ে ব্রিটেনে এক নম্বরে ছিল।

সিরিজের প্রথম তিন পর্বে সাবেক ডিউক ও ডাচেস অব সাসেক্স বেশকিছু বিতর্কিত বিষয় প্রকাশ করেন। মেগান প্রথমবার মৃত্যুর হুমকি পাওয়ার কথা স্মরণ করেন। প্রেমিকার সঙ্গে দেখা করতে ছদ্মবেশ নেয়ার স্মৃতি ভাগাভাগি করেন হ্যারি। অবশ্য শোটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে অনেকে সমালোচনা করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘হ্যারি অ্যান্ড মেগান’ সিরিজের কয়েকটি পর্ব প্রকাশ হবে।