সম্প্রতি ‘ইরোজ নাউ’-এ মুক্তি পেয়েছে স্বরা ভাস্কর অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্লেশ’। সিরিজটিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের ভালোই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে ক্যারিয়ারজুড়ে সমালোচনা কম শুনতে হয়নি তাকে। বিশেষ করে তার বামপন্থী রাজনৈতিক অবস্থান, দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা বলা এবং বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা তোলার জেরে অনেক আক্রমণের সম্মুখীন হয়েছেন। তবে এসব সমালোচনা তাকে আত্মসমালোচক বানিয়েছে বলেই মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে স্বরা ভাস্কর বলেন, ‘আমি ছোটবেলা থেকে যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তার অনেক কিছুই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য উপযুক্ত নয়। শো-বিজনেস আপনাকে বিচার করবে আপনার চেহারা আর নিজেকে উপস্থাপনের ভিত্তিতে। প্রথম দুই বছর আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এমনকি আমার জীবনের প্রথম ফেসিয়াল আমি মুম্বাই এসেই করিয়েছি।’
তবে তার মা তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “আমার মা একদিন আমাকে বললেন, ‘যদি তুমি এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাও, তাহলে ইন্ডাস্ট্রির মতো করেই ভাবা উচিত।’
এরপর আমার মনে হলো, বিভিন্ন প্রধান চরিত্র পেতে যদি নির্দিষ্ট চেহারা, জনসংযোগ, ম্যানেজার নিয়োগের প্রয়োজন হয় তবে আমার সেটা করা উচিত। বলিউড ইন্ডাস্ট্রি আমাকে নিজের সমালোচনা করতে শিখিয়েছে। আমার জ্ঞান ও বুদ্ধিগত যে অহংকার ছিল সেটাও ঝেড়ে ফেলতে সহযোগিতা করেছে। এটা বেশ ভালো একটা দিক। কেননা যেকোনো ধরনের অহংকারই ধ্বংস ডেকে আনে।’
তার মতে, বলিউড ইন্ডাস্ট্রি বেশ বড়সড় পরিবর্তন এর মধ্য দিয়ে যাচ্ছে। এখন টিকে থাকতে নিজেকে পরিবর্তন করতেই হচ্ছে। এছাড়া দর্শকদের সঙ্গে ভালো একটা যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আগে যেসব সমালোচনা তাদের কাছে পৌঁছত না এখন সহজেই সেগুলো পৌঁছে যাচ্ছে। এগুলো নিজেদের আরো উন্নত করার ক্ষেত্রে সহযোগিতা করছে বলে মনে করেন তিনি।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা এ অভিনেত্রী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ফ্লেশ’
সিরিজে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন পুলিশের ভূমিকা আর একজন অভিনেত্রী হিসেবে পুলিশের চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে পুলিশের চিন্তা প্রক্রিয়ার মধ্যে বেশ পার্থক্য খুঁজে পেয়েছেন। সিরিজটিতে একটি যৌনচক্রের বিরুদ্ধে যুদ্ধে নামেন তিনি। চক্রটি কম বয়সী মেয়েদের অপহরণ করে অন্য দেশে পাচারের মাধ্যমে যৌনকর্মী হতে বাধ্য করে। সিরিজটিতে অভিনয়ের আগে যৌনচক্রকে আটক করতে কাজ করেছেন এমন পুলিশদের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন।
২১ আগস্ট থেকে ‘ইরোজ নাউ’-এ সম্প্রচারিত হচ্ছে সিরিজটি। মুক্তির আগে এটিকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’
চলচ্চিত্রের সঙ্গে মিল রয়েছে বলা হচ্ছিল। তবে স্বরা ভাস্কর জানিয়েছেন, দুটোর মূল বার্তা হয়তো যৌনচক্রের বিরুদ্ধে, তবে দুটোর গল্প দুই রকম। ‘ফ্লেশ’
সিরিজটি থ্রিলার ও সহিংসতার এক অপূর্ব মিশ্রণ বলেও দাবি করেন তিনি।
সূত্র: স্ক্রলইন










