প্রকাশ ঝার ছবি মানেই ভারতের রাজনীতি, জাতপাত, সহিংসতা, সামাজিক প্রতিরোধের কাহিনী। রাজনীতি, গঙ্গাজল, আরাকশন তার উদাহরণ। এবার ওয়েব সিরিজ তথা স্ট্রিমিং সাইটে অভিষেক হলো তার। গতকাল এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে তার আশ্রম। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তাকে দেখা যাবে বাবা নিরালার ভূমিকায়। ৯ পর্বের এ সিরিজ দর্শকরা বিনা মূল্যে দেখতে পারবেন। তবে যথারীতি এবারো বিতর্ক পিছু ছাড়ছে না প্রকাশের। এবার বিতর্ক ধর্মীয় পাটাতনে।
প্রকাশ ঝা বলেছেন, ‘এমএক্স প্লেয়ার যখন গল্পটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিল, আমার বিষয়টা বেশ ভালো লেগেছিল। আশ্রমে বিশ্বাসের ওপর আঘাত করা হয়নি। এটা শুধুই এক ব্যক্তির কাহিনী। যিনি নিজের স্বার্থের জন্য মানুষের সরল বিশ্বাসকে ব্যবহার করেন। এ কারণে শো শুরুর আগেই আমরা ডিসক্লেইমার দিয়েছি। এ সিরিজে দেখানো হবে কীভাবে অন্ধ বিশ্বাসের চোরাবালিতে ফেঁসে বেরোনোর রাস্তা খুঁজে পায় না মানুষ।’
সিনেমার বিষয়বস্তু নিয়ে আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন প্রকাশ ঝা। তার কথায়, ‘সঠিকভাবে বিষয়কে তুলে ধরা পরিচালকদের কাছে বরাবরই কঠিন চ্যালেঞ্জ। তবে দায়িত্ব সহকারে কনটেন্টের মাধ্যমে দর্শকের সঙ্গে যোগাযোগ করা আমাদের কর্তব্য। আমাদের কাহিনী কিন্তু সার্বিকভাবে সমাজেরই প্রতিফলন। আমি আমার সিনেমায় অনেক বিতর্ককে তুলে ধরেছি—
গঙ্গাজল তৈরির সময় থেকে এখন পর্যন্ত। আমিও বাধার মুখে পড়েছি। তবে বুদ্ধিমান দর্শকরা পাশে থাকায় এগিয়ে যেতে পেরেছি।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










