চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে মানুষের আলাদা আকর্ষণ কাজ করে। ছোট পর্দায় চট্টগ্রামের ভাষায় নাটক নির্মাণ হয়েছে এবং এসব পেয়েছে দর্শক জনপ্রিয়তা। তবে এবার চট্টগ্রামের ভাষা-সংস্কৃতি আসছে বড় পর্দায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার সিনেমা ‘মেইড ইন চিটাগং’ ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে। রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত রবি বিঞ্জের সিনেমা মেইড ইন চিটাগং। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।
এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন সংগীত তারকা পার্থ বড়ুয়া। এর আগে অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘আয়নাবাজি’তে সাংবাদিক সাবের হোসেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেইড ইন চিটাগং নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করেছি। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে।’ এ সিনেমায় পার্থ বড়ুয়ার বিপরীতে থাকবেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।
সিনেমাটি নিয়ে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেক ধারাবাহিক প্রচার হলেও এটিই প্রথম চলচ্চিত্র। মেইড ইন চিটাগং ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে প্রথমে সিনেমাটি মুক্তি দেয়া হবে। এরপর দর্শকের আগ্রহ বিবেচনা করে অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেয়া হবে। আর হলে মুক্তির মাস খানেক পর সিনেমাটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।’










