চমৎকার সব গান একসময় উপহার দিয়েছেন রাশেদ উদ্দিন আহমেদ তপু। অনেক দিন নতুন কোনো গান করেননি শ্রোতাপ্রিয় এ সংগীতশিল্পী। সর্বশেষ কভিডের সময় তপু ও রাফা ‘পৃথিবী ঘুমাক’ শিরোনামের একটি গান প্রকাশ করেন। এরপর আর নতুন কোনো গান প্রকাশ হয়নি তার। তবে দারুণ খবর হলো শিগগিরই তার নতুন দুটি গান আসছে।

এ মুহূর্তে তপু আছেন কাতারে। সেখানে বিশ্বকাপ ফাইনাল শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে ‘ফিরিয়ে দে’ শিরোনামের একটি গানের কাজ শেষ করেছেন তিনি। এ গানে তার সঙ্গে আরো গেয়েছেন রাজদি ও তৌফিক। গানটির বেশ কয়েকটি লাইন তপু উল্লেখ করেছেন। লাইনগুলো হলো ‘সে চলে গেছে চিরতরে, তাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আবার। বিনিময়ে লাগে আমাকে নে, ভালোবাসি তাকে বলি আরো একবার’। গানটির মিউজিক ভিডিওর কাজ বাকি। মিউজিকের কাজ করেছে কলকাতার ক্রসটেক।

এদিকে আনিলার সঙ্গে প্রথমবার গান গাইতে যাচ্ছেন তপু। গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এর আগে প্রিন্স মাহমুদের কথা ও সুরে তপু কণা ও ন্যান্সির সঙ্গে দ্বৈত গান গেয়েছেন। 

নতুন দুটি গান প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিরিয়ে দে গানটি ভীষণ ইমোশনাল। আমরা তিনজন এটি গেয়েছি এবং আমাদের প্রত্যেকের নিজের গাওয়া অংশটুকু নিজেরাই লিখেছি ও সুর করেছি। মূলত আমার বাবা কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গিয়েছেন, তৌফিকেরও বাবা নেই। ভাবনায় আসলে বাবা, কিন্তু গানে বাবা প্রসঙ্গ আনা না হলেও সে কষ্টটা আছে। সবকিছু মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। আশা করা যাচ্ছে, এটি জানুয়ারিতে প্রকাশ করতে পারব। আর প্রিন্স ভাইয়ের গানটি ঢাকায় ফিরেই ভয়েজ দেব ইনশাআল্লাহ। এবারের গানটিও দ্বৈত গান। আশা করছি ভালো কিছু হবে।’

তার থেকে জানা যায়, আনিলার সঙ্গে দ্বৈত গানটি জি-সিরিজে প্রকাশ হবে। তপুর প্রথম একক অ্যালবাম ছিল ‘বন্ধু ভাবো কী’। এরপর বাজারে ‘সে কে’, ‘আর তোমাকে’, ‘দেখা হবে বলে’ অ্যালবাম প্রকাশ পায়। তপু মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় অভিনয় করেছিলেন। এ সিনেমায়ই তিনি প্লে-ব্যাক করেছিলেন। এরপর আর করা হয়নি। নতুন বছরে তিনি ও রাফা অস্ট্রেলিয়া যাবেন। সেখানকার কয়েকটি স্টেটে তাদের শো রয়েছে।