বলিউডে একাধিক জনপ্রিয় সিনেমা ও সিরিজ উপহার দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তার ভক্তও আছে অনেক। কিন্তু নানা সময় বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সম্প্রতি বলিউডকে ‘টক্সিক’ বললেন তিনি। এর মধ্যে গত বছর অনুরাগ জানান, তিনি দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার সম্ভবত সত্যিই যাচ্ছেন। কেননা তিনি মনে করেন বলিউড আর সৃজনশীল নেই।
অনুরাগ সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হতাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লোকদের থেকে দূরে থাকতে চাই। এই ইন্ডাস্ট্রি বিষাক্ত হয়ে ওঠেছে। সবাই অবাস্তব লক্ষ্যের পেছনে ছুটছে। সবাই ৫০০ বা ৮০০ কোটি টাকা আয় করতে চায়। আগে যে সৃজনশীল পরিবেশ ছিল তা আর নেই।’
এর আগে অনুরাগ বলেছিলেন, তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর বিরক্ত এবং দক্ষিণ ভারতে যেতে চান। তিনি বলেছিলেন, ‘দক্ষিণের চলচ্চিত্র নির্মাতাদের দেখলে আমার বেশ হিংসা হয়। ওখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয় কাজ নিয়ে। বলিউডে প্রযোজকরা শুধু টাকার কথা ভাবেন।’
অনুরাগের দাবি, একটা সিনেমার শুরু থেকেই পরিকল্পনা চলে, কীভাবে এর বিক্রি বাড়ানো সম্ভব। এভাবে আসলে সিনেমা নির্মাণের মজাটাই থাকে না।
বর্তমানে অনুরাগ তার মালায়লাম সিনেমা ‘ফুটেজ’ এর প্রচারে ব্যস্ত। সিনেমাটি পরিচালনা করছেন সাইজু শ্রীধর। যদিও সিনেমাটি গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল। এর হিন্দি সংস্করণটি এই বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছে। এছাড়া অনুরাগ তার আসন্ন ছবি ‘ডাকাত’ এ একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমায় মৃণাল ঠাকুরও অভিনয় করছেন।










