অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নীরবতা। প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বসুন্দরীদের মহামঞ্চে। আলো-ঝলমলে এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয়; বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায়।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি লেখেন— ‘গাজাসহ পুরো ফিলিস্তিন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’
উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এ আসরে অংশ নেবেন ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা।
এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে উদগ্রীব।










