ছোট পর্দার পরিচিত মুখ জিয়াউল ফারুক অপূর্ব। এ তারকার সঙ্গে জুটি বেঁধে একাধিক দর্শক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। এবার তারা সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ঈর্ষা’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন। গত শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। একক নাটক, খণ্ড নাটকে কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে। তিনি জেনে-বুঝে নাটক নির্মাণ করেন। যে কারণে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে। আর শাকিল ভাই অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। যে কারণে শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে গল্প বেশ জমে ওঠে। কেয়া পায়েল আগের চেয়ে অভিনয়ে বেশ ভালো করছে। তার এ ভালো করার চেষ্টাটা শুধুই কাজে মনোনিবেশ থেকে ধরে রাখতে হবে। তাহলে ভবিষ্যতে তার অবস্থান আরো ভালো হবে বলে আমার বিশ্বাস।’

এ নিয়ে কেয়া পায়েল বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি একটি নাটকেই অভিনয় করেছিলাম। এ নিয়ে দ্বিতীয়বার তার নির্দেশনায় কাজ করা হলো। তার নির্দেশনা বেশ উপভোগ করি। আর অপূর্ব ভাইয়া আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। তার সঙ্গে শুরু থেকেই আমি অভিনয়ের অনেক কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি। এখনো নতুন কোনো কাজ হলেই আরো শেখার চেষ্টা করি। তার সবচেয়ে বড় দুটি দিক হলো তিনি ভালো মনের একজন মানুষ এবং সহশিল্পীকে ভীষণ সহযোগিতা করেন।’

অমিতাভ রেজা চৌধুরীর নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ারের সূচনা অপূর্বর। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয় শুরু করেন এ তারকা। অন্যদিকে কেয়া পায়েলও মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের সূচনা করেন। এরপর একাধিক একক নাটকে অভিনয় করেছেন তিনি।