মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। সিনেমাটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে । গেল বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় মেহজাবীনের অভিষেক হলেও ‘সাবা’ই তার প্রথম অভিনীত সিনেমা, যা আন্তর্জাতিক বিভিন্ন উৎসব ঘুরে এবার আসছে দর্শকের কাছে।
মাকসুদ হোসেন পরিচালিত ৯০ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার বিশ্বপ্রিমিয়ার হয় টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি, রেইনড্যান্সসহ বহু মর্যাদাপূর্ণ উৎসবে। সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে সিনেমাটি।
গল্পে দেখা যাবে—শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা নেই, মা শিরিন সড়ক দুর্ঘটনায় হুইলচেয়ারে বন্দি। সংসার ও মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে না পারলেও, মা–মেয়ের এই সংগ্রামী জীবনে ভালোবাসা আর ত্যাগের গল্প ফুটে উঠেছে। হঠাৎ মায়ের হার্ট অ্যাটাক হলে অপারেশনের জন্য টাকার অভাবে দিশেহারা হয়ে পড়ে সাবা। তখনই শুরু হয় তার সংগ্রামের নতুন অধ্যায়।
পরিচালক মাকসুদ হোসেন বলেন, ‘সাবা’ আসলে এক মা–মেয়ের গল্প, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। এটি ছেড়ে দেওয়ার সাহসের গল্প। আমি চাই দর্শকরা মায়ের হাত ধরে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুক এবং ভালোবাসার সেই অনন্য শক্তি একসাথে অনুভব করুক।’
‘সাবা’ সিনেমায় মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে।









