কলকাতায় চলছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৯ অক্টোবর শুরু হওয়া উৎসবে ‘হাসিনা আ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ প্রদর্শিত হচ্ছে সিনেমাগুলো। প্রথম দিন থেকেই দর্শকের মধ্যে তুমুল সাড়া ফেলেছে বাংলাদেশের এ সিনেমাগুলো। বিশেষত মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া দেখার জন্য দর্শকরা রীতিমতো লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছেন প্রদর্শনীর। এর আগে সিনেমাটি দেখতে না পারার কারণে পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীরা ফেসবুকে পোস্ট লিখে আফসোস করেছিলেন। উৎসবে সিনেমাটি দেখার সুযোগ তারা লুফে নিয়েছেন। দর্শকদের পাশাপাশি এর ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও পরিচালক রাজ চক্রবর্তী।
চলচ্চিত্র উৎসব উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। ‘হাওয়া’ নিয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন,"‘হাওয়া হলে এসে দেখব, এর জন্য আমিও আপনাদের মতো মুখিয়ে ছিলাম। কারণ এটি বাংলা ভাষায় নির্মিত ছবি, বাংলাদেশের ছবি। নন্দনে আসার আগে দেখছিলাম, হাওয়া দেখতে মানুষের লম্বা লাইন। এটা দেখে খুব গর্ব হলো।’ অন্যদিকে সিনেমাটি দেখতে সস্ত্রীক উপস্থিত হন পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমা দেখার পর তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবি আপলোড করেন। শুভশ্রীও উপস্থিত ছিলেন। রাজ লিখেছেন, ‘কাল নন্দনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সবচেয়ে বেশি বলতে হয়, তিনি চঞ্চল চৌধুরী। তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন।’
নন্দনে বাংলাদেশের সিনেমা দেখতে দর্শকের এ ভিড় লক্ষ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। তাদের প্রতিবেদন থেকে দেখা যায়, হাওয়ার প্রতিই দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। সাদা সাদা কালা কালা গানটি দেশের সীমানা পার করে গিয়েছে। সে গানের কারণেও আগ্রহী হয়েছেন অনেকে। তবে পিছিয়ে নেই অন্যান্য সিনেমাও। পরাণ, গলুই, গণ্ডি, চন্দ্রাবতী কথাসহ উৎসবে থাকা অন্য সিনেমাগুলোও তারা দেখছেন আগ্রহ নিয়ে। এর মধ্যে দক্ষিণের সর্দার নামে সিনেমাটি বক্স অফিসে ভালো করেছে। এ সিনেমার প্লটে বাংলাদেশের উল্লেখ রয়েছে। হাওয়া ও বাংলাদেশের সিনেমার ভালো করার পাশাপাশি এসব বিষয় দেখে গণমাধ্যমগুলো মনে করছে বাংলাদেশের গল্প ও সিনেমার বাজার বাড়ছে।










