পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডসের এবারের আসরে তিনটি সম্মাননা ঝুলিতে তুলল দক্ষিণ কোরিয়ার সংগীতদল বিটিএস। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিজয়ীর নাম ঘোষণা করা হয়। খবর ইয়োনহাপ নিউজ এজেন্সি।

অসংখ্য গণমাধ্যম, সংগীত ও টিভি ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন কেনান থমসন।

২০২২ সালে সেরা গ্রুপ ব্যান্ড ও সেরা কনসার্ট ট্যুর বিভাগে শ্রেষ্ঠত্বের তকমা পেল বিটিএস। এ নিয়ে টানা তৃতীয়বার এবং মোট চতুর্থবারের মতো সেরা গ্রুপ ব্যান্ড বিভাগে পুরস্কার লুফে নিল তারা।

কনসার্ট ট্যুর ক্যাটাগরিতে শিরোপা পেয়েছে দলটির ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ট্যুর। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত চলমান ছিল কনসার্টটি।

বিটিএসের তৃতীয় পদকটি আসে সদস্য জাংকুকের হাত ধরে। আমেরিকান সংগীত তারকা চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ গানে অংশগ্রহণ করেন তিনি। গানটি এ বছর সেরা কোলাবরেটিভ সংগীত বিভাগে পুরস্কার পায়।

সেরা গ্রুপ ব্যান্ড বিভাগে ব্ল্যাকপিংক, কোল্ডপ্লে, ইমাজিন ড্রাগনস, মেইনস্কিন এবং ওয়ান রিপাবলিকসহ সাতটি মনোনয়ন পাওয়া ব্যান্ডকে পেছনে ফেলেছে বিটিএস। কনসার্ট ট্যুর আরো মনোনয়ন ছিল ব্যাড বানি, বিলি আইলিশ, ডুয়া লিপা, এড শিরান এবং লেডি গাগার।

১৯৭৫ সাল থেকে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে যাত্রা শুরু করে দ্য পিপল'স চয়েজ অ্যাওয়ার্ডস। দর্শক ও শ্রোতার ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সিনেমা, সিরিজ, সংগীতের বিজয়ী তারকাদের। গত আসরেও বিটিএস তিনটি পুরস্কার জিতেছিল।