আজ সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকী। এখন অবধি আধুনিক বাংলা সিনেমার জনপ্রিয়তম নায়ক বলা যায় তাকে। বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক তিনি। দেখতে দেখতে তার মৃত্যুর পর বহু বছর পেরিয়ে গিয়েছে। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সালমান শাহর জনপ্রিয়তার অন্যতম কারণ অভিনয় প্রতিভার পাশাপাশি ফ্যাশান সেন্স। তিনি নব্বইয়ের দশকে যে ফ্যাশান ফলো করতেন তা আজও অনেকে অনুকরণ করে। অভিনয়েও তার জুড়ি ছিল না।
কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেন সে ধারাবাহিকতায় উপহার দিয়েছেন বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দীলিপ সোমের মহামিলন, শিবলী সাদিকের মায়ের অধিকার ও জাকির হোসেন রাজুর জীবন সংসার, শাহ আলম কিরণের সুজন সখি, এমএ খালেকের স্বপ্নের ঠিকানা, মালেক আফসারির এই ঘর এই সংসারসহ আরো অনেক সিনেমা।
অভিনয়টা সালমান শাহর রক্তেই ছিল। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় তার জন্ম। পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে। দারিয়া পাড়ায় তার নানার বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউজ’। তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন।
সালমান শাহ শিল্পীদের নিজেদের মধ্যে সহযোগিতায় বিশ্বাসী ছিলেন। বাংলা ১৪০০ সালকে বরণে তত্কালীন ঢাকা স্টেডিয়ামে শিল্পী ও পরিচালকদের নিয়ে ‘তারকা মেলা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান শাহ বলেছিলেন, ‘শিল্পীদের মধ্যে এমন সহযোগিতা, এমন আন্তরিকতা এবং ইউনিটি যেন সবসময় থাকে—আমি এটাই চাই। একজন শিল্পীর বিপদে যেন আরেকজন শিল্পী দৌড়ে আসি, এ ধরনের মানসিকতা যেন সবসময় থাকে।’
সালমান শাহ স্মরণে আজ সকাল ৮টা ২৫ মিনিটে ‘বৈশাখী সকালের গান’
অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন। প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ফরিদী অভিনীত ‘আনন্দ অশ্রু’। বেলা ২টা ৪৫ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, শাহীন আলম, সোহানা অভিনীত ‘স্বপ্নের নায়ক’।
বেলা ১টায় তানহা তাসনিয়ার উপস্থাপনায় শুধু সিনেমার গান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এর মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, স্নেহ, দেনমোহর, সালমান শাহ-শাবনূর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু এবং সালমান শাহ-শাবনাজ অভিনীত মায়ের অধিকার, সালমান শাহ ও শাহনাজ অভিনীত সত্যের মৃত্যু নেই। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।










