আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা গুণজান বিবির পালা মঞ্চায়ন হতে যাচ্ছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। প্রযোজনায় ছিলেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন সাঈদা শামছি আরা, সংগীত প্রযোজনায় হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান।

এ নিয়ে পদাতিক নাট্য সংসদের গণযোগাযোগ সম্পাদক  শাখাওয়াত হোসেন শিমুল বলেন, ‘‌নাটকের অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যেখানে থাকে গ্রামের আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সে শিল্পের আঙ্গিক প্রায় চার মাস পরিশ্রম করে আমাদের পদাতিকের ছেলেমেয়েরা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে। আমাদের সবার এই এতদিনের পরিশ্রমের মাধ্যমে তুলে আনা কাজটি আপনাদের মনে এতটুকু ভালো লাগার জন্ম দিতে পারে. তাহলে আমাদের সব চেষ্টা সার্থক।’

গুণজান বিবির পালা নাটকে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, পুষ্প, ইকরাম, সালমান শুভ, আবু নাসেম লিমন, মো. ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জবা, শোভন, জিয়া, জেনি , রোজা।