মহানায়িকা বলেই পরিচিত সুচিত্রা সেন। তার জন্মস্থান বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাঙাবাড়ি গ্রামে। বাবা করুণাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দাশগুপ্তর কন্যার আসল নাম ছিল রমা। সিনেমায় আসার পর তিনি নাম বদলে সুচিত্রা সেন হন। কেবল কলকাতার সিনেমা নয়, বলিউডেও তিনি অভিনয় করেছেন দাপটের সঙ্গে। বিমল রায় পরিচালিত দেবদাসে তিনি অভিনয় করেন দিলীপ কুমারের বিপরীতে। নায়িকা হিসেবে তিনি যেমন সবার মন জয় করেছিলেন, তেমনি গানও গেয়েছিলেন। তবে তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

WhatsApp Image 2025-04-06 at 15.50.03

ছবি: হিন্দুস্তান টাইমস

গানের জগতেও তিনি তার প্রতিভার ছাপ রেখেছিলেন। সেই সময় সুচিত্রা সেনের গান রেকর্ড করেছিল একটি বিখ্যাত রেকর্ড কোম্পানি। তখন অবশ্য তিনি রমা নামেই পরিচিত ছিলেন। তার গাওয়া একটি মাত্র গানই রেকর্ড করা হয়েছিল। গানটির কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর তাতে সুর দিয়েছিলেন রবিন চট্টোপাধ্যায়।

মজার ব্যাপার হলো, রমা সেনকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে চেয়েছিলেন তার স্বামী দিবানাথ সেন। সেটি বাস্তবেও ঘটেছিল। কিন্তু অভিনয়ের মতো সংগীতে তিনি জনপ্রিয়তা বা সাফল্য পাননি। কারণ রেকর্ডিং স্টেশনের কর্তাব্যক্তিরা রমার কণ্ঠ খুব একটা পছন্দ করেননি। এর কয়েকটি কারণ ছিল। তাদের মতে, সুচিত্রা সেনের কণ্ঠ গান গাওয়ার উপযুক্ত নয়। এছাড়া তার উচ্চারণে ছিল পূর্ববঙ্গীয় টান। এ কারণে তিনি মাত্র একটি গানই গেয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস